২০৭০ সালে ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পূর্বাভাস পিউ রিসার্চ সেন্টারের রিপোর্টে
পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক রিপোর্টে ২০৭০ সাল পর্যন্ত ভারতের জনসংখ্যা বৃদ্ধির একটি প্রক্ষেপণ তুলে ধরা হয়েছে। ‘দ্য ফিউচার অফ ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০-২০৭০’ শীর্ষক এই রিপোর্টে বলা হয়েছে, আগামী ৫০ বছরে ভারতে মুসলিম জনসংখ্যা প্রায় ১২ কোটি ১০ লক্ষ বৃদ্ধি পেতে পারে। ২০২০ সালে ভারতে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২১ কোটি ৩০ লক্ষ, যা ২০৭০ সালে বেড়ে প্রায় ৩৩ কোটি ৩৬ লক্ষ হতে পারে। একই সময়ে হিন্দু জনসংখ্যা প্রায় ১৭ কোটি ৬০ লক্ষ বৃদ্ধির সম্ভাবনা থাকলেও, দেশের মোট জনসংখ্যার অনুপাতে হিন্দুদের হার ৭৯ শতাংশ থেকে কমে ৭৬ শতাংশে নেমে আসতে পারে।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মুসলিম জনসংখ্যার এই বৃদ্ধির অন্যতম কারণ হলো সম্প্রদায়ের তুলনামূলক কম বয়সি জনসংখ্যা এবং সন্তান জন্ম দেওয়ার হার। ২০২০ সালে ভারতে মুসলিমদের গড় বয়স ছিল ২৪ বছর, যেখানে হিন্দুদের গড় বয়স ছিল ২৯ বছর। এই বয়সের ব্যবধান এবং নতুন প্রজন্মের সন্তান ধারণের বয়সে পৌঁছানোর প্রক্রিয়াকে বিশেষজ্ঞরা ‘পপুলেশন মোমেন্টাম’ হিসেবে অভিহিত করেছেন। যদিও গত তিন দশকে মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের মহিলাদের সন্তান জন্ম দেওয়ার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, তবুও অতীতের জনসংখ্যাগত কাঠামোর প্রভাব আগামী কয়েক দশক ধরে বজায় থাকবে।
পিউ রিসার্চ সেন্টারের এই সমীক্ষায় স্পষ্ট করা হয়েছে যে, ২০৭০ সালেও ভারতের মোট জনসংখ্যার তিন-চতুর্থাংশের বেশি হিন্দু থাকবেন এবং তারা সংখ্যালঘু হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জনসংখ্যা পরিবর্তনের পেছনে ধর্মান্তরকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়নি। বরং জন্ম, মৃত্যু, অভিবাসন এবং বয়সের কাঠামোর মতো বিষয়গুলোকেই এই পূর্বাভাসের ভিত্তি হিসেবে ধরা হয়েছে। পরিবার পরিকল্পনার ব্যবহার বৃদ্ধি ও সামাজিক পরিবর্তনের ফলে দুই সম্প্রদায়ের মধ্যে সন্তান জন্ম দেওয়ার হারের ব্যবধান বর্তমানে অনেকটাই কমে এসেছে।