মেট্রোয় তরুণীর সঙ্গে অশালীন আচরণ, রবীন্দ্র সদন স্টেশনে নেমে চম্পট অভিযুক্তের
গত বুধবার রাতে কলকাতা মেট্রোয় এক তরুণীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। রাত ৮টা ৫৭ মিনিটে চাঁদনি চক স্টেশন থেকে মেট্রোয় ওঠেন ওই তরুণী। এসপ্ল্যানেড স্টেশন থেকে এক ব্যক্তি কামরায় প্রবেশ করে তাঁর ঠিক পিছনে এসে দাঁড়ান। তরুণীর অভিযোগ, কিছুক্ষণ পরেই তিনি বুঝতে পারেন ওই ব্যক্তি তাঁর শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করার চেষ্টা করছেন। প্রতিবাদ করা সত্ত্বেও অভিযুক্তের আচরণ থামেনি, বরং ওই ব্যক্তির প্যান্টের চেন খোলা ছিল বলে তরুণী দাবি করেছেন।
পরিস্থিতি বেগতিক দেখে তরুণী চিৎকার শুরু করলে কামরায় শোরগোল পড়ে যায়। অভিযুক্ত ব্যক্তি নিজেকে আড়াল করার জন্য একটি প্লাস্টিকের প্যাকেট ব্যবহার করার চেষ্টা করেন। সহযাত্রীদের তৎপরতায় অভিযুক্ত রবীন্দ্র সদন স্টেশনে নেমে দ্রুত পালিয়ে যায়। তরুণীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন এবং অন্য এক যাত্রী জানান, এমন ঘটনা ওই ব্যক্তি আগেও ঘটিয়ে থাকতে পারেন। গন্তব্যে পৌঁছানোর পর তরুণী মেট্রো কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেও কোনো সাহায্য পাননি বলে অভিযোগ।
পরদিন বৃহস্পতিবার তরুণী শেকসপিয়ার সরণী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ চাঁদনি চক ও রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত অভিযুক্তকে চিহ্নিত করা সম্ভব হয়নি। মেট্রোর মতো জনবহুল স্থানে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী তরুণী।