ঘূর্ণিঝড়ের প্রভাবে বাতিল দক্ষিণ পূর্ব রেলের ১৯টি দূরপাল্লার ট্রেন, দেখে নিন তালিকা
ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এবং যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে দক্ষিণ পূর্ব রেলওয়ে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামসহ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে ১৯ ও ২০ নভেম্বর বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ নভেম্বর শালিমার-পুরী এক্সপ্রেস (১২৮৮১) এবং ভঞ্জপুর-পুরী এক্সপ্রেস (১৮০১৭) বাতিল করা হয়েছে। ২০ নভেম্বর বাতিল থাকবে পুরী-ভঞ্জপুর এক্সপ্রেস (১৮০১৮), বাংরিপোসি-পুরী এক্সপ্রেস (১৮৪০১) এবং পুরী-বাংরিপোসি এক্সপ্রেস (১৮৪০২)। একই দিনে হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (২২৮৯৫/২২৮৯৬) এবং টাটানগর-ব্রহ্মপুর-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস (২০৮৯১/২০৮৯২) পরিষেবাও বন্ধ থাকবে।
এছাড়াও ২০ নভেম্বর জলেশ্বর-পুরী মেমু (৬৮৪৪১), পুরী-জলেশ্বর মেমু (৬৮৪৪২) এবং টাটানগর-বাদামপাহাড় রুটের একাধিক মেমু ট্রেন বাতিল করা হয়েছে। বালেশ্বর-গোপীনাথপুর নীলগিরি, ভঞ্জপুর-রূপসা এবং বারিপদা-বাংরিপোসি রুটের বিভিন্ন মেমু ট্রেনও ওইদিন চলাচল করবে না। যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।