অযোধ্যা ও জনকপুরের মধ্যে সরাসরি ট্রেন পরিষেবা চালুর উদ্যোগ ভারতীয় রেলের

রামায়ণ সার্কিট পর্যটনকে আরও শক্তিশালী করতে অযোধ্যা ও জনকপুরের মধ্যে সরাসরি ট্রেন পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। প্রায় ৬০৪ কিলোমিটার দীর্ঘ এই রুটে ট্রেনটি জনকপুর ধাম থেকে অযোধ্যা ক্যান্ট পর্যন্ত চলাচল করবে। যাত্রাপথে ট্রেনটি বিহার ও উত্তরপ্রদেশের জয়নগর, মধুবনী, সীতামঢ়ি, রোক্সল, নরকটিয়াগঞ্জ, গোরখপুর, বস্তি ও মানকাপুরসহ একাধিক স্টেশনে থামবে। সপ্তাহে একদিন এই ট্রেন পরিষেবা চালু থাকবে বলে জানা গেছে।

রেল মন্ত্রকের তথ্য অনুযায়ী, শনিবার জনকপুর ধাম থেকে রওনা হয়ে সোমবার অযোধ্যা ক্যান্ট থেকে ফিরতি যাত্রা করবে এই ট্রেন। এই নতুন সংযোগ ভারত ও নেপালের দীর্ঘদিনের সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। রামায়ণের সঙ্গে যুক্ত এই দুই পবিত্র স্থানের মধ্যে সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হলে তীর্থযাত্রীদের যাতায়াত অনেক সহজ ও আরামদায়ক হবে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষ এবং শিক্ষার্থী ও ব্যবসায়ীদের যাতায়াতের ক্ষেত্রেও এটি বিশেষ সুবিধা প্রদান করবে।

এই উদ্যোগের ফলে রামায়ণ সার্কিট পর্যটন নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে। দুই দেশের পুণ্যার্থীদের যাতায়াত সহজ হওয়ায় স্থানীয় অর্থনীতি, হোটেল ব্যবসা ও পরিবহণ পরিষেবার প্রসারের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে। যদিও বাণিজ্যিক পরিষেবা শুরুর নির্দিষ্ট দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি, তবে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী চলতি নভেম্বরের শেষ দিকে ভারত ও নেপালের প্রধানমন্ত্রী যৌথভাবে এই পরিষেবার উদ্বোধন করতে পারেন। ভারতীয় রেল এই ট্রেন পরিচালনার দায়িত্বে থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *