জাল নথিতে কোটি টাকার জমি দখল: কলকাতার তিন ব্যবসায়ীর বিরুদ্ধে চার্জশিট ইডির

জাল কাগজপত্র তৈরি করে কোটি কোটি টাকার জমি দখলের অভিযোগে কলকাতার তিন ব্যবসায়ীর বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযুক্তদের নাম অমিত গঙ্গোপাধ্যায়, রামপ্রসাদ মুখোপাধ্যায় এবং দেবাশিস চৌধুরী। দক্ষিণ কলকাতার গড়িয়া ও তার পার্শ্ববর্তী এলাকায় এই জালিয়াতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। রাজ্য পুলিশের দায়ের করা ১৩টি এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোনারপুর, নরেন্দ্রপুর ও বিধাননগরের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় প্রতারণা ও জালিয়াতির মামলাগুলি নথিভুক্ত ছিল।

তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা প্রথমে জমির মালিকদের সঙ্গে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট ও পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে যোগাযোগ স্থাপন করত। এরপর ভুয়ো নথি, জাল বোর্ড রেজোলিউশন এবং উত্তরাধিকার সংক্রান্ত নকল কাগজপত্র তৈরি করে জমির মালিকানা হস্তগত করা হতো। এই জালিয়াতির মাধ্যমে জমির রেজিস্ট্রি, মিউটেশন ও দেওয়ানি মামলা করে আসল মালিকদের সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো। অনেক ক্ষেত্রে জমির মালিকদের হুমকি দেওয়া ও নিজেদের সম্পত্তিতে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে।

ইডি জানিয়েছে, এই জালিয়াতির ঘটনায় দুটি প্রকল্পের মাধ্যমে যথাক্রমে ৪ কোটি ১২ লক্ষ টাকা ও ৭১ কোটি ৬২ লক্ষ টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়া হয়েছে। এছাড়া একটি সংস্থার ৬.৪১ একর জমি অন্য সংস্থার হাতে তুলে দিতে জাল বোর্ড রেজোলিউশন তৈরির প্রমাণ মিলেছে। গত মার্চ মাসে অভিযুক্তদের বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয় এবং ১৫ সেপ্টেম্বর অমিত গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। বিচার ভবনের বিশেষ আদালতে চার্জশিট পেশ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সংস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *