মিড ডে মিলের নতুন কিচেন ডিভাইস কেনা নিয়ে প্রশ্ন তুলল শিক্ষক সংগঠন

রাজ্যের স্কুলগুলিতে মিড ডে মিল বা পিএম পোষণ প্রকল্পের রান্নার জন্য নতুন কিচেন ডিভাইস কেনার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। স্কুল শিক্ষা দফতরের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য রাজ্যের মোট ২৭,৭৪২টি স্কুলে এই নতুন সরঞ্জাম সরবরাহ করা হবে। সরকারি সংস্থা ‘মঞ্জুষা’র মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এই কেনাকাটা সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। এই প্রক্রিয়ার জন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে জেলা ও স্কুলভিত্তিক চাহিদাপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দফতর।

তবে সরকারের এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন শিক্ষক সংগঠন। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল অভিযোগ করেছেন, সম্প্রতি রাজ্য সরকার মিড ডে মিলের দায়িত্ব ইসকনের সহযোগী অন্নামৃত ফাউন্ডেশনকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমতাবস্থায়, রান্নার দায়িত্ব যদি বেসরকারি সংস্থার হাতেই চলে যায়, তবে সরকারি খরচে নতুন সরঞ্জাম কেনার প্রয়োজনীয়তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। একে সরকারি অর্থের অপচয় বলে অভিহিত করে তিনি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

একই সুর শোনা গিয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারীর কণ্ঠেও। গত ৭ নভেম্বর স্কুল শিক্ষা দফতরের জারি করা অন্য একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, রাজ্যের সব স্কুলে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব অন্নামৃত ফাউন্ডেশনকে দেওয়া হবে। এরপরই নতুন কিচেন ডিভাইস কেনার জন্য জরুরি ভিত্তিতে তালিকা তলব করায় শিক্ষক মহলে ক্ষোভ ও বিভ্রান্তি তৈরি হয়েছে। সরকারি এই সিদ্ধান্তের উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে এখন সরব হয়েছেন শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *