দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে কৃষ্ণনগরের বুড়িমার নিরঞ্জন স্থগিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী বুড়িমার নিরঞ্জন পর্ব আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটি। প্রতি বছর পুজোর পর নির্দিষ্ট সময়ে বিসর্জন সম্পন্ন হলেও, এবার প্রতিকূল পরিস্থিতির কথা মাথায় রেখে এই ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুজো কমিটির যুগ্ম সম্পাদক অর্ণব গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বুড়িমাকে তারা নিজের মায়ের মতো মনে করেন। তাই এই প্রবল বৃষ্টিতে মাকে বাইরে বের করার ঝুঁকি নিতে চাইছেন না তারা। এছাড়া প্রতিমার অঙ্গে প্রচুর সোনার অলঙ্কার রয়েছে। বৃষ্টির কারণে শোভাযাত্রা বের করলে অলঙ্কারের ক্ষতি বা প্রতিমার অঙ্গহানির আশঙ্কা থেকে যায়। তাই ভক্তদের আবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে প্রতিমার বিসর্জনের পুজো এবং ঘট বিসর্জন সম্পন্ন হয়েছে। প্রতিমাকে পাট থেকে নামিয়ে মন্দিরের ভেতরে সুরক্ষিত স্থানে রাখা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে শোভাযাত্রা বের করে বুড়িমার নিরঞ্জন সম্পন্ন করা হবে বলে পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *