বিগ বস-এ সৌরভকে ধাক্কা জীতুর, ক্ষোভ উগরে দিলেন নবনীতা ও দিতিপ্রিয়া
‘বিগ বস বাংলা’র সাম্প্রতিক ‘টিকিট টু ফিনালে’ টাস্ক চলাকালীন অভিনেতা জীতু কমলের আচরণ ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। টাস্কের নিয়ম অনুযায়ী রিকশায় বসে থাকা সৌরভ দাসকে সরাতে গিয়ে জীতু তাঁকে সজোরে ধাক্কা মেরে ফেলে দেন। অভিযোগ, এর আগে জীতু ‘শিবের দিব্যি’ কেটে সৌরভকে জিতিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই ঘটনায় সৌরভ চোট পান এবং জীতুর এই আচরণকে ঘিরে নেটপাড়ায় সমালোচনার ঝড় ওঠে।
সৌরভ দাসের বাবা-মা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ছেলের সঙ্গে এমন আচরণের প্রতিবাদ জানিয়ে জীতুর মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর মা। অন্যদিকে, পরিচালক অয়ন সেনগুপ্ত সোশ্যাল মিডিয়ায় জীতুর এই কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন। তিনি জীতুর ‘শিবের উপাসক’ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে বলেন, ঈশ্বরের নামে মিথ্যে বলে এবং সহ-প্রতিযোগীকে ধাক্কা মেরে ফাইনালে যাওয়া যায় না।
এই বিতর্কে মুখ খুলেছেন জীতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাস এবং অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। নবনীতা ইনস্টা স্টোরিতে জোকার ইমোজি ব্যবহার করে লিখেছেন, ‘ভণ্ডামির একটা লিমিট থাকে’। দিতিপ্রিয়াও নাম না করে জীতুকে বিঁধে প্রশ্ন তুলেছেন, কোনো অপরাধ করে ‘সরি’ বললেই কি তা ক্ষমাযোগ্য হয়ে যায়? যদিও জীতু পরবর্তীতে ক্যামেরার সামনে সেই টিকিট ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন, তবে তাতে বিতর্ক থামেনি।