জেল থেকে ছাড়া পাওয়ার পরের দিনই ১৮ লক্ষ টাকার লুট, ৪৮ ঘণ্টায় গ্রেফতার ৫ দুষ্কৃতী
ভোপালে ১৭ লক্ষ ৯০ হাজার টাকা লুটের ঘটনায় পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী মুবিন খান ছাগল ব্যবসার সঙ্গে যুক্ত এবং ১৭ নভেম্বর ভোরে টাকা নিয়ে যাওয়ার সময় পেট্রল পাম্প ব্রিজের কাছে চার দুষ্কৃতী তাঁর পথ আটকায়। বাইকে আসা ওই দুষ্কৃতীরা মুবিনের কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই লুটের মূল পরিকল্পনাকারী মুবিনেরই বন্ধু মহম্মদ ইব্রাহিম। মুবিনের ব্যবসার রুট এবং টাকার বিষয়ে ইব্রাহিম আগে থেকেই সব তথ্য জানত এবং সেই খবরই সে দুষ্কৃতীদের কাছে পৌঁছে দিয়েছিল।
ঘটনার কিনারা করতে পুলিশ প্রায় ১ হাজার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। প্রযুক্তিগত প্রমাণ ও গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে ভোপাল থেকে ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। এরপর রাজস্থানে অভিযান চালিয়ে বাকি চারজনকে পাকড়াও করে পুলিশ। ধৃতদের মধ্যে আরশাদ বাব্বা ও মহম্মদ ইকবাল ঘটনার আগের দিনই জেল থেকে ছাড়া পেয়েছিল। জেল থেকে বেরোনোর পরের দিনই তারা এই বড়সড় লুটের ঘটনায় জড়িয়ে পড়ে। ধৃত পাঁচজনের বিরুদ্ধে আগে থেকেই মোট ৭৪টি ফৌজদারি মামলা রয়েছে।
পুলিশ অভিযুক্তদের কাছ থেকে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা নগদ, লুটে ব্যবহৃত বাইক ও একটি গাড়ি উদ্ধার করেছে। ধৃত প্রত্যেকের মাথার দাম ১০ হাজার টাকা করে ঘোষণা করা হয়েছিল। ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার রহস্য উন্মোচন করায় তদন্তকারী পুলিশ দলকে ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন আইজি রুচিবর্ধন মিশ্র। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।