আয়ুষ্মান ভারত যোজনায় যুক্ত হতে পারে ৮৯টি নতুন স্বাস্থ্য প্যাকেজ
সাধারণ মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত যোজনার পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের আওতায় উপভোক্তারা বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পান। এবার এই প্রকল্পের অধীনে থাকা জনস্বাস্থ্য কেন্দ্রগুলির জন্য সংরক্ষিত প্যাকেজের সংখ্যা ২৩টি থেকে বাড়িয়ে ১১২টি করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ, নতুন করে ৮৯টি স্বাস্থ্য প্যাকেজ যুক্ত করার পরিকল্পনা করছে ন্যাশনাল হেলথ অথরিটি।
প্রস্তাবিত নতুন প্যাকেজগুলির মধ্যে উচ্চ রক্তচাপ, রক্তাল্পতা, ডায়েরিয়া, ব্রঙ্কাইটিস এবং ডায়াবেটিসের মতো রোগের চিকিৎসা অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি চক্ষু পরীক্ষার ক্ষেত্রে গ্লুকোমা শনাক্তকরণ ও ডায়াবেটিক রেটিনোপ্যাথির মতো পরিষেবাও যুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া অর্শ, হিস্টেরেকটমি অস্ত্রোপচার এবং সিস্টের চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলিও এই নতুন তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে।
সরকারি হাসপাতালগুলিতে উপভোক্তারা যাতে আরও উন্নত ও বিস্তৃত চিকিৎসা পরিষেবা পেতে পারেন, সেই লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। ন্যাশনাল হেলথ অথরিটি ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্যগুলির মতামত জানতে চেয়েছে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে রাজ্যগুলিকে তাদের মতামত জানাতে বলা হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ১ ডিসেম্বর থেকে সরকারি হাসপাতালগুলিতে এই ১১২টি স্বাস্থ্য প্যাকেজের সুবিধা চালু হতে পারে বলে আশা করা হচ্ছে।