শ্রীনগরের বাতাসে দূষণের মাত্রা নিয়ে বিতর্ক, একিউআই নিয়ে ভিন্ন তথ্য
শ্রীনগরের বাতাসের গুণমান নিয়ে পরস্পরবিরোধী তথ্য সামনে এসেছে। একিউআই ডট ইন-এর তথ্য অনুযায়ী, ২০ নভেম্বর শ্রীনগরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৩৫৪-এ পৌঁছেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তালিকায় শ্রীনগরকে ভারতের সবচেয়ে দূষিত শহর হিসেবে দেখানো হয়েছে। তবে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি) এই পরিসংখ্যানের সঙ্গে ভিন্নমত পোষণ করেছে। সিপিসিবি-র তথ্য অনুযায়ী, শ্রীনগরের একিউআই মাত্র ৫৯, যা বাতাসের মান সন্তোষজনক হওয়ার ইঙ্গিত দেয়।
তথ্য অনুযায়ী, গত ১৩ নভেম্বর শ্রীনগরের একিউআই ছিল মাত্র ২৯। ১৯ নভেম্বর তা লাফিয়ে ৪০২-এ পৌঁছায় এবং ২০ নভেম্বর সামান্য কমে ৩৫৪-এ দাঁড়ায়। ২০ নভেম্বর দুপুরে শ্রীনগরের বাতাসে পিএম ২.৫-এর মাত্রা ছিল ১৯১ মাইক্রোগ্রাম এবং পিএম ১০-এর মাত্রা ছিল ২৪৮ মাইক্রোগ্রাম। বিশেষজ্ঞদের মতে, পিএম ২.৫ কণা সরাসরি ফুসফুস ও রক্তপ্রবাহে মিশে গিয়ে শ্বাসকষ্ট ও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।
বিশেষজ্ঞদের মতে, শ্রীনগরের ভৌগোলিক অবস্থান এবং শীতকালীন আবহাওয়া দূষণ বাড়ার অন্যতম কারণ। পাহাড় ঘেরা উপত্যকায় বাতাস চলাচলে বাধা তৈরি হওয়ায় দূষিত কণা সহজে বেরোতে পারে না। এছাড়া শীতের রাতে তাপমাত্রা কমে যাওয়ায় দূষিত পদার্থ ভূপৃষ্ঠের কাছাকাছি জমে থাকে। পাশাপাশি যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজ, রাস্তার ধুলো এবং ঘর গরম রাখতে কাঠকয়লা পোড়ানোর মতো বিষয়গুলোও দূষণ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকায় দূষণ কমার সম্ভাবনা আপাতত কম বলে মনে করা হচ্ছে।