ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ফুলকপির দামে ধস, মাথায় হাত চাষিদের

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সৃষ্ট টানা বৃষ্টিতে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ নম্বর ব্লকের ফুলকপি চাষিরা চরম সংকটে পড়েছেন। বিশ্বরম্ভা ও কালেখাতলা এলাকার বিস্তীর্ণ জমিতে বৃষ্টির জল জমে থাকায় ফুলকপি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ফসল বাঁচাতে চাষিরা বাধ্য হয়ে সময়ের আগেই ফুলকপি কেটে ফেলছেন।

সবজির দাম এক ধাক্কায় প্রায় অর্ধেক হয়ে যাওয়ায় চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। স্থানীয় চাষিদের দাবি, গত দুদিন আগেও যে ফুলকপি প্রতি পিস ১৩-১৪ টাকায় বিক্রি হচ্ছিল, তা বর্তমানে ৭-৮ টাকায় নেমে এসেছে। ঘূর্ণিঝড়ের সতর্কতার কারণে ওড়িশার পাইকারি ব্যবসায়ীরা এলাকায় আসতে না পারায় আড়তে প্রচুর ফুলকপি জমে রয়েছে।

আড়তদারদের মতে, একদিকে বৃষ্টির কারণে সবজি পচে যাওয়ার ভয় এবং অন্যদিকে পাইকারদের অনুপস্থিতিতে বিক্রির সুযোগ কমে যাওয়ায় বাজারে বড় ধরনের ধস নেমেছে। বৃষ্টির জল জমলে ফুলকপি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন চাষিরা। সব মিলিয়ে ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের সবজি বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *