শীতকালে আমলকি গাছের যত্ন: পাতা ঝরা নিয়ে দুশ্চিন্তা নয়, জেনে নিন পরিচর্যার সঠিক নিয়ম
আমলকি গাছের শিকড় দ্রুত ছড়িয়ে পড়ে, তাই টবে চাষের ক্ষেত্রে অন্তত ১৮ থেকে ২৪ ইঞ্চি গভীর ও চওড়া পাত্র বা বড় গ্রো ব্যাগ ব্যবহার করা প্রয়োজন। টবের নিচে জল নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ছিদ্র থাকা জরুরি। দ্রুত ফলন পেতে বীজের পরিবর্তে নার্সারি থেকে কলম করা বা মুকুলিত চারা সংগ্রহ করা ভালো। মাটি তৈরির সময় সাধারণ বাগানের মাটির সঙ্গে মোটা বালি এবং ভালোভাবে পচা গোবর সার বা ভার্মিকম্পোস্ট মিশিয়ে নিতে হবে, যাতে জল জমে না থাকে।
গাছের সঠিক বৃদ্ধির জন্য প্রতিদিন অন্তত ৬ থেকে ৮ ঘণ্টা সরাসরি সূর্যালোক প্রয়োজন, তাই ছাদ বা রোদেলা বারান্দা এই গাছের জন্য সবচেয়ে উপযোগী। প্রতি দুই থেকে তিন মাস অন্তর মাটির উপরের স্তর আলগা করে এক-দুই মুঠো জৈব সার প্রয়োগ করা যেতে পারে। তবে কাঁচা গোবর সরাসরি ব্যবহার করা উচিত নয়। শীতকালে গাছের বৃদ্ধি ধীর থাকে বলে এই সময়ে বাড়তি সার না দিলেও চলে।
শীতকালে মাটি শুকোতে সময় নেয়, তাই গরমের তুলনায় এই সময়ে জল কম দিতে হবে। জল দেওয়ার আগে মাটির উপরের অংশ শুকনো কি না তা পরীক্ষা করে নেওয়া জরুরি। ডিসেম্বর-জানুয়ারি মাসে আমলকি গাছের পাতা ঝরে পড়া একটি স্বাভাবিক প্রক্রিয়া, এতে ভয়ের কিছু নেই। সাধারণত ফেব্রুয়ারি-মার্চ মাস থেকে গাছে নতুন পাতা ও ফুল আসতে শুরু করে। সঠিক যত্ন ও নিয়ম মেনে চললে ছাদবাগানেই আমলকির ভালো ফলন পাওয়া সম্ভব।