নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে ও জিনগত ঝুঁকি: কেন্দ্রকে বিবেচনার পরামর্শ সুপ্রিম কোর্টের

নিকট আত্মীয়ের মধ্যে বিয়ের ফলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে জিনগত ও বংশগত রোগের ঝুঁকি নিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। বেঙ্গালুরুর বাসিন্দা চার্বি এস এই মামলাটি করেছেন। তাঁর দাবি, নিকট রক্তের সম্পর্কের মধ্যে বিয়ের কারণে সন্তানদের মধ্যে জন্মগত শারীরিক ত্রুটি, দৃষ্টি ও শ্রবণশক্তির সমস্যা এবং বিকাশজনিত প্রতিবন্ধকতার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। আবেদনকারীর আইনজীবী আদালতে জানান, গ্রামীণ সমাজে প্রচলিত এই প্রথার স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কে অনেক পরিবারই সচেতন নন। আবেদনকারী নিজে ৪০ শতাংশ দৃষ্টিশক্তিজনিত প্রতিবন্ধকতায় ভুগছেন এবং তাঁর বাবা-মায়ের বিয়েও নিকট আত্মীয়ের মধ্যে হয়েছিল বলে তিনি উল্লেখ করেছেন।

মামলাটির শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ স্পষ্ট জানিয়েছে যে, নিকট আত্মীয়ের মধ্যে বিয়ের মতো দীর্ঘদিনের সামাজিক প্রথা নিয়ন্ত্রণ করার এক্তিয়ার আদালতের নেই। আদালত জানায়, এ ধরনের বিষয়ে সামাজিক সংস্কারের স্বার্থে আইন তৈরি করা সম্পূর্ণভাবে আইনসভার দায়িত্ব। তবে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য ও জনস্বার্থের কথা মাথায় রেখে কেন্দ্র প্রয়োজনীয় আইন প্রণয়ন অথবা জনসচেতনতা প্রচারের বিষয়টি বিবেচনা করতে পারে বলে শীর্ষ আদালত মত দিয়েছে।

আবেদনকারী হিন্দু বিবাহ আইন, ১৯৫৫-এর ৫ নম্বর ধারার ৪ ও ৫ উপধারার সাংবিধানিক দিক নিয়ে প্রশ্ন তুলেছেন। ওই বিধানে নিষিদ্ধ আত্মীয়তার সম্পর্ক এবং সপিণ্ড সম্পর্কের মধ্যে বিয়ের ক্ষেত্রে নির্দিষ্ট প্রথা বা রীতির ভিত্তিতে ছাড় দেওয়ার সংস্থান রয়েছে। আবেদনকারীর আর্জি, এমন বিয়ের ক্ষেত্রে আগেভাগে জেনেটিক কাউন্সেলিং, স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে অবহিত করা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা বাধ্যতামূলক করা হোক। আদালত জানিয়েছে, বিয়ে একান্তই ব্যক্তিগত পছন্দের বিষয় এবং এর সঙ্গে সামাজিক প্রথার জটিলতা জড়িয়ে রয়েছে। এখন এই সংবেদনশীল বিষয়ে কেন্দ্রীয় সরকার কী অবস্থান নেয়, সেদিকেই নজর রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *