ফোনের অডিও অস্পষ্ট? এই সহজ উপায়ে সমাধান করুন সমস্যার
স্মার্টফোনে কথা বলার সময় অনেক সময় অপর প্রান্তের আওয়াজ অস্পষ্ট শোনা যায়। এর অন্যতম প্রধান কারণ হলো ফোনের স্পিকার বা ইয়ারপিসে জমে থাকা ধুলোবালি। দীর্ঘদিনের জমে থাকা ময়লা স্পিকারের জালি আটকে দেয়, যার ফলে শব্দ স্পষ্টভাবে বাইরে আসতে পারে না। এটি পরিষ্কার করার জন্য একটি নরম ব্রাশ বা পুরোনো টুথব্রাশ ব্যবহার করে আলতো করে ঘষে ময়লা পরিষ্কার করা যেতে পারে। এছাড়া ব্লু-ট্যাক বা আঠালো কোনো পদার্থ ব্যবহার করেও স্পিকারের ভেতরের ধুলোবালি তুলে ফেলা সম্ভব। তবে খেয়াল রাখতে হবে, কোনো অবস্থাতেই আলপিন বা সুইয়ের মতো তীক্ষ্ণ বস্তু স্পিকারে প্রবেশ করানো যাবে না, কারণ এতে স্পিকারের পর্দা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে।
অনেক সময় স্পিকারে সমস্যা না থাকলেও দুর্বল নেটওয়ার্কের কারণে কথা কেটে কেটে আসে। এমন পরিস্থিতিতে ফোন রিস্টার্ট করা বা ফ্লাইট মোড অন-অফ করে নেটওয়ার্ক রিফ্রেশ করে দেখা যেতে পারে। পাশাপাশি ফোনে VoLTE বা ওয়াই-ফাই কলিং ফিচার চালু আছে কি না, তা নিশ্চিত করা জরুরি। এই ফিচারগুলো উন্নত মানের অডিও পেতে সাহায্য করে।
ফোনের সেটিংস পরিবর্তন করেও অডিওর মান উন্নত করা সম্ভব। ফোনের অ্যাক্সেসিবিলিটি সেটিংসে গিয়ে ‘নয়েজ ক্যান্সেলেশন’ বা ‘হেয়ারিং এইড কম্প্যাটিবিলিটি’ অপশনগুলো অন বা অফ করে পরীক্ষা করে দেখা যেতে পারে। অনেক ক্ষেত্রে এই সেটিংসগুলো পরিবর্তন করলে কলারের কণ্ঠস্বর অনেক বেশি স্পষ্ট শোনা যায়। এই সাধারণ কৌশলগুলো মেনে চললে ফোনের অডিও সংক্রান্ত সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব।