অফিসে সহকর্মীর সঙ্গে মনোমালিন্য? মেজাজ নিয়ন্ত্রণে রাখতে মেনে চলুন এই ৮ নিয়ম
কর্মক্ষেত্রে সহকর্মীর কটু মন্তব্য, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ কিংবা অপ্রত্যাশিত আচরণে মেজাজ হারানো অস্বাভাবিক নয়। তবে রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত বা পাঠানো ইমেল পেশাগত জীবনে বড় ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। তাই আবেগকে অস্বীকার না করে বরং তা নিয়ন্ত্রণে রেখে পরিস্থিতি সামলানোই বুদ্ধিমানের কাজ। উত্তপ্ত পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে কিছু কৌশল অবলম্বন করা জরুরি।
কোনো সহকর্মী কটাক্ষ করলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে অন্তত ১০ সেকেন্ড থামুন। পরিস্থিতি খুব উত্তপ্ত মনে হলে কয়েক মিনিটের জন্য কাজ থেকে বিরতি নিন, জল পান করুন বা একটু হেঁটে আসুন। রাগের মাথায় কোনো ইমেল পাঠাবেন না; বরং খসড়া লিখে অন্তত এক ঘণ্টা পর তা পুনরায় পড়ে দেখুন।
এছাড়া শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা নিজের আবেগকে মনে মনে চিহ্নিত করার মাধ্যমে মানসিক দূরত্ব তৈরি করা সম্ভব। উত্তেজিত অবস্থায় গলার স্বর উঁচু না করে শান্ত ও স্পষ্টভাবে কথা বলুন। ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে নির্দিষ্ট ঘটনার ভিত্তিতে নিজের বক্তব্য তুলে ধরুন। মনে রাখবেন, অন্যের আচরণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কিন্তু নিজের প্রতিক্রিয়া ও ব্যক্তিগত সীমারেখা নির্ধারণ করা আপনার হাতেই রয়েছে।
কোনো সহকর্মী সীমা অতিক্রম করলে সবার সামনে তর্কে না জড়িয়ে তাকে আলাদাভাবে কথা বলার অনুরোধ করুন। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা এইচআর-এর নজরে আনুন। কর্মক্ষেত্রে সব পরিস্থিতি নিজের পক্ষে থাকবে না এবং সবার সঙ্গে মতের মিল হওয়াও কঠিন। তবে কঠিন পরিস্থিতিতেও নিজের আচরণ ও পেশাদারিত্ব বজায় রাখার ক্ষমতাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু রাগের বশে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাই পেশাদারিত্বের পরিচয়।