লন্ডন যাওয়ার পথে বিমানবন্দরে আটক সৌরভ দাস, জারি লুক আউট নোটিশ

গত ২৩ নভেম্বর লন্ডনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন আধিকারিকদের বাধার মুখে পড়েন সৌরভ দাস। তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি। ইমিগ্রেশন কর্তৃপক্ষের দাবি, তাঁর পাসপোর্টের তথ্যে অসঙ্গতি রয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে সৌরভ দাস দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে বিদেশযাত্রায় বাধা দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা আদালতে জানিয়েছেন, সৌরভ দাসের পাসপোর্টে জন্মস্থান, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এবং বাবা-মায়ের পরিচয় সংক্রান্ত তথ্যে অসঙ্গতি পাওয়া গেছে, যা তাঁর ভারতীয় নাগরিকত্বের ওপর প্রভাব ফেলতে পারে। মুম্বই পুলিশের অনুরোধে গত ২৩ নভেম্বর তাঁর বিরুদ্ধে একটি লুক আউট সার্কুলার (LOC) জারি করা হয়েছে।

এর আগে চেন্নাইয়ের রিজিওনাল পাসপোর্ট অফিস তাঁকে শোকজ নোটিশ পাঠিয়ে সাত দিনের মধ্যে নথিপত্রসহ ব্যাখ্যা তলব করেছিল। সৌরভ দাসের আইনজীবী অখিল সিব্বল আদালতে সওয়াল করেন যে, বিদেশ ভ্রমণ একজন নাগরিকের মৌলিক অধিকারের অংশ। কেবল শোকজ নোটিশের ভিত্তিতে কাউকে বিদেশযাত্রায় বাধা দেওয়া যায় না। পাশাপাশি, তাঁকে লুক আউট সার্কুলারের বিষয়ে আগে থেকে জানানো হয়নি বা কোনো কপিও দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, পাসপোর্ট বাতিল বা স্থগিতের চূড়ান্ত নির্দেশ এখনও দেওয়া হয়নি। দিল্লি হাইকোর্ট এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে জবাব তলব করেছে। একইসঙ্গে রিজিওনাল পাসপোর্ট অফিস এবং বিদেশ মন্ত্রককে নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৯ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। এখন আদালতের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে সৌরভ দাসের বিদেশযাত্রার ভবিষ্যৎ এবং পাসপোর্ট সংক্রান্ত বিতর্কের পরবর্তী মোড়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *