বেকার সেজে খোরপোশ দাবি করে আদালতে মিথ্যা তথ্য, স্ত্রীকে ২০ হাজার টাকা জরিমানা কলকাতা হাই কোর্টের

স্বামীকে বেকার বলে দাবি করে খোরপোশ আদায়ের চেষ্টার অভিযোগে এক স্ত্রীকে ২০ হাজার টাকা জরিমানা করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

জানা গিয়েছে, বি-টেক এবং এমসিএ ডিগ্রিধারী ওই তরুণী নিজের প্রকৃত আয় গোপন করে আদালতে মিথ্যা তথ্য দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। আদালতকে বিভ্রান্ত করার দায়েই এই জরিমানা ধার্য করা হয়েছে।

ঘটনার সূত্রপাত ২০২২ সালের ৫ এপ্রিল। ওই তরুণী আলিপুর আদালতে স্বামীর কাছে মাসে ১ লক্ষ ৮০ হাজার টাকা খোরপোশ দাবি করে মামলা করেন। তিনি নিজেকে বেকার এবং আর্থিক ভাবে স্বামীর উপর নির্ভরশীল বলে দাবি করেছিলেন। আলিপুর আদালত স্বামীকে প্রতি মাসে ৪৫ হাজার টাকা অন্তর্বর্তী খোরপোশ দেওয়ার নির্দেশ দেয়।

আলিপুর আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে স্বামী হাই কোর্টের দ্বারস্থ হন। হাই কোর্টে শুনানির সময় জানা যায়, ওই তরুণী বেঙ্গালুরুর একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। ২০২৬ সালের অগস্ট মাসে তাঁর বেতন ছিল প্রায় ১ লক্ষ ৭৫ হাজার ৫৯৪ টাকা, যেখানে স্বামীর মাসিক আয় প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকা।

নিজের আয় গোপন করার বিষয়টি প্রমাণিত হওয়ায় আদালত আলিপুর আদালতের নির্দেশ খারিজ করে দিয়েছে। বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, স্ত্রীকে আর কোনো খোরপোশ দিতে হবে না স্বামীকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *