ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব মার্কিন প্রশাসনের, চাপ বাড়ছে নয়াদিল্লির ওপর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতর (ইউএসটিআর) সূত্রে জানানো হয়েছে, নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে একটি বাণিজ্যচুক্তি চূড়ান্ত হলে এই শুল্কের হার কমিয়ে ১৭ শতাংশ করা হতে পারে। এই পদক্ষেপের ফলে ভারতের ওপর বাণিজ্যচুক্তি নিয়ে চাপ সৃষ্টি হতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল।
ভারতের পাশাপাশি কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, চিন, জাপান, ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশের মতো দেশগুলোর ওপরও বিভিন্ন হারে শুল্ক চাপানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারার অধীনে শিল্পক্ষেত্রে সরকারি ভর্তুকি ও অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে কয়েক মাস ধরে চলা তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছরের ১১ মার্চ ইউএসটিআর মোট ১৬টি অর্থনীতির ওপর এই তদন্ত শুরু করেছিল। আট মাসব্যাপী তদন্ত শেষে গত বুধবার ১৪টি দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করা হয়েছে।
তবে এই প্রস্তাব এখনই কার্যকর হচ্ছে না। ইউএসটিআর-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রস্তাবের ওপর জনমত ও লিখিত মন্তব্য জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৫ জানুয়ারি। এরপর ২৫ জানুয়ারি থেকে এ বিষয়ে গণশুনানি শুরু হবে। উল্লেখ্য, এই সুপারিশে চিনের ক্ষেত্রে ২০ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে, যা ভবিষ্যতে ৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।