রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় মানতে নারাজ মায়ানমারের জান্তা প্রধান
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত রায় নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন মায়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং। মায়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তিনি এই রায়কে সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
হ্লাইংয়ের বক্তব্য, রায়ে ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করার ফলে মায়ানমারের আন্তর্জাতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আদালতের ঠিক কোন কোন নির্দেশকে তাঁর প্রশাসন অনুপযুক্ত বলে মনে করছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
উল্লেখ্য, আইসিজের রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে যে, মায়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে এবং জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে। আদালত মায়ানমারকে নির্দেশ দিয়েছে, ২০১৭ সালের সামরিক অভিযানের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে নিশ্চয়তা দিতে হবে। এছাড়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন, সম্পত্তি ফিরিয়ে দেওয়া, ক্ষতিপূরণ প্রদান এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার কথাও রায়ে উল্লেখ করা হয়েছে।
মায়ানমার অবশ্য শুরু থেকেই দাবি করে আসছে যে, রাখাইন রাজ্যে তাদের অভিযান ছিল সন্ত্রাসবিরোধী পদক্ষেপ এবং তা গণহত্যার উদ্দেশ্যে চালানো হয়নি। ২০১৭ সালের সামরিক অভিযানের পর সাত লাখ ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেন। বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন।
আইসিজের এই রায় চূড়ান্ত হলেও তা কার্যকর করার ক্ষেত্রে আদালতের নিজস্ব সীমাবদ্ধতা রয়েছে। মায়ানমারকে নির্দেশ দেওয়া হয়েছে যে, দুই বছরের মধ্যে আদালতের নির্দেশ অনুযায়ী কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা প্রতিবেদন আকারে জমা দিতে হবে।