তিরুমালা মন্দিরে ভক্তের ১২১ কেজি সোনার অলঙ্কার দান, আনুমানিক মূল্য ১৫০-১৬০ কোটি টাকা
অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতি মন্দিরে এক ভক্তের পক্ষ থেকে ১২১ কেজি ওজনের সোনার অলঙ্কার দান করা হয়েছে। ভগবান শ্রী ভেঙ্কটেশ্বরকে মাথা থেকে পা পর্যন্ত সাজানোর উদ্দেশ্যে এই অলঙ্কারগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে।
মন্দির কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৪৫টি সোনার অলঙ্কার ৯টি সেটে সাজিয়ে গত ২৬ নভেম্বর তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি) কর্তৃপক্ষের হাতে নিবেদন করা হয়। এই বিপুল পরিমাণ সোনার আনুমানিক বাজারমূল্য ১৫০ থেকে ১৬০ কোটি টাকা বলে জানা গেছে।
এই বিশেষ অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। মন্দির কর্তৃপক্ষের দাবি, একক কোনো ভক্তের পক্ষ থেকে তিরুমালা মন্দিরে এটিই এ যাবৎকালের সর্ববৃহৎ সোনার নিবেদন। টিটিডি-র পক্ষ থেকে সমাজমাধ্যমে এই দানের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং একে এক ভক্তের ‘অসাধারণ নিবেদন’ হিসেবে অভিহিত করা হয়েছে।
উল্লেখ্য, তিরুমালা তিরুপতি দেবস্থানম মন্দির এবং এর সংশ্লিষ্ট যাবতীয় কার্যকলাপ পরিচালনার দায়িত্বে রয়েছে। সারা বছর দেশ-বিদেশের অসংখ্য ভক্ত এখানে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী দান করে থাকেন। তবে এবারের দানের পরিমাণ এবং অলঙ্কারগুলির বিশেষ নকশা ও ওজন সব মিলিয়ে এটি একটি নজিরবিহীন ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। মন্দির কর্তৃপক্ষ এই দান গ্রহণ করে ভক্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।