শহিদ অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের জীবনকাহিনি নিয়ে তৈরি ‘ইকোস অফ ভ্যালর’ এবার আইএফএফআই ২০২৬-এ
ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির টপার, একজন দক্ষ পোলো খেলোয়াড় এবং ক্রীড়াবিদ অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের জীবন অবলম্বনে তৈরি হয়েছে হিন্দি ছবি ‘ইকোস অফ ভ্যালর’। মাত্র ২৩ বছর বয়সে দেশের জন্য শহিদ হওয়া অনির্বাণের স্বপ্ন, সেনাবাহিনীতে যোগদানের যাত্রা এবং তাঁর পরিবারের আত্মত্যাগের গল্প এই ছবিতে তুলে ধরা হয়েছে।
পরিচালক ইন্দিরা ধরের পরিচালনায় এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রোহন। কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর ছবিটি এবার আইএফএফআই ২০২৬-এও স্থান করে নিয়েছে, যা ছবির গুরুত্ব বাড়িয়েছে। কাশ্মীরের পহেলগামে প্রায় এক মাস এবং মুম্বইয়ে এই ছবির শুটিং সম্পন্ন হয়েছে।
অভিনেতা রোহন তাঁর প্রথম হিন্দি ছবির মাধ্যমেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে পৌঁছানোর সুযোগ পেয়েছেন। আগামী বছর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবিতে রোহনের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিব্যা দত্ত ও নীরজ কবি।
সহ-অভিনেতাদের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন রোহন। বিশেষ করে অভিনয় শিক্ষক নীরজ কবির কাছ থেকে চরিত্রের প্রস্তুতির ক্ষেত্রে তিনি অনেক সাহায্য পেয়েছেন বলে জানিয়েছেন। বাংলার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে গর্বিত এই অভিনেতা আশা প্রকাশ করেছেন, অনির্বাণের এই বীরত্বগাথা দর্শকদের মনে গভীর প্রভাব ফেলবে।