বিহারের বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে টাকার বৃষ্টি ও ঘোড়দৌড় প্রতিযোগিতা: ব্যাপক শোরগোল

বিহারের বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়ে ঘিরে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে। বিয়ের অনুষ্ঠানে দেদার টাকা ওড়ানোর ভিডিও প্রকাশ্যে আসতেই তা নিয়ে নেটদুনিয়ায় চর্চা শুরু হয়েছে। তবে ওড়ানো নোটগুলো আসল নাকি নকল, তা নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

বিয়ের সাজসজ্জাতেও ছিল রাজকীয় আড়ম্বর। পাটনার মাঠে গোলাপি রাজপ্রাসাদের আদলে তৈরি হয়েছিল বিয়ের মণ্ডপ। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মোরাদাবাদ ও জয়পুরের কারিগরদের সহায়তায় প্রায় ১০ বিঘা জমির ওপর এই বিশাল আয়োজন করা হয়েছিল।

বিয়ের অনুষ্ঠান উপলক্ষে একটি ঘোড়দৌড় প্রতিযোগিতারও আয়োজন করেছিলেন বিধায়ক। এতে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও রাজস্থান থেকে ৫২ জন সওয়ার ও ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতার পুরস্কার হিসেবে রাখা হয়েছিল একটি নতুন মাহিন্দ্রা থার গাড়ি। তবে দৌড়ের শেষের দিকে জনতা ব্যারিকেড ভেঙে ট্র্যাকে ঢুকে পড়লে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে আয়োজকরা খেলা বন্ধ করে মাঠ খালি করে দেন এবং বৃহস্পতিবার ফাইনাল রেস আয়োজনের সিদ্ধান্ত নেন।

অনন্ত সিংয়ের পরিবারের ঘোড়ার প্রতি অনুরাগ দীর্ঘদিনের। তাঁর বাবা চন্দ্রদীপ সিং নাদওয়ানে ঘোড়ার গাড়ির ব্যবসা করতেন। ২০১৩ সালে অনন্ত সিং নিজেও তাঁর প্রিয় ঘোড়া ‘বাদল’-এর টানা বিশেষ বগিতে চড়ে বিহার বিধানসভায় পৌঁছেছিলেন। এবার মেয়ের বিয়েতেও সেই রাজকীয় ঐতিহ্যের ছাপ স্পষ্ট ছিল। প্রায় দেড় কিলোমিটার রাস্তাজুড়ে তোরণ ও আলোকসজ্জার পাশাপাশি জয়পুরের পত্রিকা গেটের আদলে ১০০ ফুট চওড়া ও ৩০ ফুট উঁচু গোলাপি জয়মালা মঞ্চ তৈরি করা হয়েছিল, যা স্থানীয়দের নজর কেড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *