কাটোয়া স্টেশনে ফের ট্রেনের কামরায় আগুন, যাত্রীদের মধ্যে উদ্বেগ
কাটোয়া স্টেশনে একটি ট্রেনের কামরায় আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভানোর কাজ শুরু করেন। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এই অগ্নিকাণ্ডে ট্রেনের ভেন্ডার কামরার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো যাত্রী আহত হননি এবং বড়সড় কোনো সম্পত্তির ক্ষয়ক্ষতিও হয়নি। ঘটনার খবর পেয়ে রাতেই রেল দফতরের আধিকারিকরা কাটোয়া স্টেশনে পৌঁছন। ঠিক কী কারণে কামরায় আগুন লাগল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
ট্রেনের কামরায় বারবার আগুন লাগার ঘটনায় যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয় যাত্রী বিকাশ বৈলান জানান, স্টেশনে এসে তিনি আগুন লাগার খবর পান। তিনি বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি নিয়ে প্রশ্ন তুলে রেলের কাছে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও কাটোয়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কাটোয়া-আজিমগঞ্জগামী ট্রেনের একটি কামরায় ভয়াবহ আগুন লেগেছিল, যেখানে একটি কামরা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছিল। পরপর এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় রেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বর্তমান ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।