মাদুরাইয়ের তিরুপারঙ্কুন্দ্রম মন্দিরে প্রদীপ বিতর্কে সুপ্রিম কোর্টের কড়া ভর্ৎসনা, কাঠগড়ায় জেলাশাসক ও ট্রাস্টিরা
মাদুরাইয়ের তিরুপারঙ্কুন্দ্রম মন্দিরে আদালতের নির্দেশ সত্ত্বেও নির্দিষ্ট পাহাড়ি স্তম্ভে প্রদীপ না জ্বালানোর ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত। গত ২৪ নভেম্বর বার্ষিক কার্তিগাই দীপম উৎসবে সুপ্রিম কোর্ট পাহাড়ি স্তম্ভে প্রদীপ জ্বালানোর অনুমতি দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করে প্রথাগত স্থান উচিপিল্লাইয়ার মণ্ডপেই প্রদীপ জ্বালানো হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে আদালত অবমাননার অভিযোগ উঠেছে। আদালতে জেলাশাসকের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি অরবিন্দ কুমার প্রশ্ন তোলেন, আদালতের নির্দেশ এভাবে উপেক্ষা করা যায় না। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কেউ সাংবিধানিক বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না। একইসঙ্গে মন্দির ট্রাস্টি বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত।
ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের (এএসআই) আইনজীবী ট্রাস্টিদের বিরুদ্ধে নির্দেশ অমান্যের অভিযোগ তুলে তাদের অপসারণের দাবি জানিয়েছেন। সলিসিটর জেনারেল তুষার মেহতা এএসআই-এর পক্ষ থেকে আদালতে প্রস্তাব দিয়েছেন যে, আদালতের নির্দেশ কার্যকর করতে রাজ্য সরকারকে উদ্যোগী হতে হবে। প্রয়োজনে স্বাধীন কর্তৃপক্ষের নজরদারি এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথাও তিনি উল্লেখ করেছেন।
এর আগে গত বুধবার তামিলনাড়ু সরকার এই ঘটনায় ক্ষমা চেয়ে মন্দির কর্তৃপক্ষের ব্যর্থতাকে দায়ী করেছিল। আবেদনকারীদের দাবি, উৎসবটি ১১ দিন ধরে চলায় আদালতের নির্দেশ কার্যকর করতে রাজ্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ করতে হবে।