গেলসেনকির্খেনে খেলার মাঠে বসে জরিমানা গুনলেন তরুণী, ক্ষুব্ধ স্থানীয়রা

জার্মানির গেলসেনকির্খেন শহরে শিশুদের একটি খেলার মাঠের বেঞ্চে বসে ২৫ ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২,৫৪০ টাকা, জরিমানা দিতে হল ৩১ বছর বয়সি এক তরুণীকে। জানা গেছে, হানা নামের ওই তরুণী মানসিক চাপে থাকায় নির্জনে কিছুটা সময় কাটানোর জন্য মাঠের বেঞ্চে বসেছিলেন।

সেই সময় পুরসভার তিন আধিকারিক সেখানে উপস্থিত হয়ে জানতে চান, মাঠে থাকা শিশুরা তাঁর সন্তান কি না। হানা 'না' বলায় তাঁকে জরিমানা করা হয়। গেলসেনকির্খেন পুরসভার নিয়ম অনুযায়ী, শহরের খেলার মাঠগুলি ১৪ বছর বা তার কমবয়সি শিশুদের জন্য সংরক্ষিত। অভিভাবক ছাড়া কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি শিশুদের সঙ্গে না থাকলে সেখানে প্রবেশ বা বসা নিষিদ্ধ।

পুর কর্তৃপক্ষের দাবি, শিশু অপহরণের ঝুঁকি কমানো এবং মাঠের অননুমোদিত ব্যবহার রুখতেই এই কড়া নিয়ম কার্যকর করা হয়েছে। এমনকি ভবিষ্যতে এই জরিমানার অঙ্ক আরও বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। পুরসভার এই পদক্ষেপে স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, একজন মানুষ যখন মানসিক অবসাদে একা সময় কাটাতে চাইছেন, তখন তাঁকে সাহায্য না করে জরিমানা করা অমানবিক। দীর্ঘদিনের বাসিন্দারা জানিয়েছেন, আগে কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। তবে পুরসভা তাদের সিদ্ধান্তে অনড় থেকে জানিয়েছে, খেলার মাঠ শুধুমাত্র শিশুদের জন্যই এবং নিয়ম ভাঙলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *