শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইঙ্গিতে দেশে ফিরছেন বহু আওয়ামী লীগ নেতা, সীমান্ত বাণিজ্যে প্রভাব

বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার আবহে শেখ হাসিনার দেশে ফেরার বার্তার পর থেকেই ওপার বাংলার পরিস্থিতি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। শেখ হাসিনার অনুগামী হিসেবে পরিচিত বহু আওয়ামী লীগ নেতা, যারা গত কয়েক মাস ধরে ভারতে আশ্রয় নিয়েছিলেন, তারা এখন নিজ দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। মালদহের মহদিপুর স্থলবন্দর দিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও কর্মী বাংলাদেশে ফিরে গেছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য তথা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান জানিয়েছেন, গত দুই মাস তিনি বেঙ্গালুরু ও হায়দরাবাদে ছিলেন। নেত্রীর বার্তার পর তিনি এখন দেশে ফিরছেন। তাঁর দাবি, তাঁর মতো আরও অনেক দেশছাড়া নেতা ও কর্মী এখন বাংলাদেশে ফেরার উদ্যোগ নিচ্ছেন। এই প্রত্যাশা থেকেই তারা ওপারে ফিরছেন যে, শেখ হাসিনা দেশে ফিরলে তাদের পরিস্থিতির উন্নতি হবে।

অন্যদিকে, বাংলাদেশের বর্তমান অস্থিরতার প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যেও। ওপারে পণ্য নিয়ে যেতে নিরাপত্তার অভাব বোধ করছেন এপারের ট্রাকচালক ও খালাসিরা। বাংলাদেশ থেকে ভারতে আসা নাগরিকদের একাংশ শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় দেখতে চাইলেও, অন্য একটি অংশ মনে করছে যে, যে সরকারই ক্ষমতায় আসুক, সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করাই হোক তাদের প্রধান লক্ষ্য। সব মিলিয়ে, রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেই ঘরে ফেরার তৎপরতা শুরু হয়েছে আওয়ামী লীগ নেতাদের মধ্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *