ভদোদরায় বায়ুসেনা ঘাঁটিতে হামলার ছক বানচাল, জইশ জঙ্গি সন্দেহে গ্রেপ্তার এক

গুজরাটের ভদোদরায় ভারতীয় বায়ুসেনার একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলার বড়সড় পরিকল্পনা বানচাল করেছে গুজরাট পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। এই ঘটনায় জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে মহম্মদ ইসলাম কবিরুদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তি অসমের বাসিন্দা বলে জানা গেছে।

ধৃতের কাছ থেকে একটি স্বয়ংক্রিয় রাইফেল, ২৩টি কার্তুজ, দু’টি খালি ম্যাগাজিন, জইশ-ই-মহম্মদের পতাকা, একাধিক মোবাইল ফোন, সিম কার্ড এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গুজরাট এটিএস এই তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভদোদরায় আসার আগে ধৃত ব্যক্তি তাঁর মোবাইল ফোনটি বন্ধ করে দিয়েছিলেন এবং শহরে পৌঁছে একটি হোটেলে আশ্রয় নিয়েছিলেন।

তদন্তে আরও উঠে এসেছে যে, মুফতি রফিক ওরফে ইবন আবদুল্লা নামে জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত এক ব্যক্তি কবিরুদ্দিনকে এই হামলার জন্য নির্দেশ দিচ্ছিলেন। এই অভিযানের জন্য তাঁকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল। ভদোদরায় হামলা চালানোর পর পাকিস্তানে গিয়ে জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল ধৃতের। ধৃতের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) এবং ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতে পেশ করার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এই নাশকতার পরিকল্পনার সঙ্গে আরও কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *