ভুয়ো ডিগ্রি ও রেজিস্ট্রেশন ব্যবহার করে চিকিৎসক সেজে প্রতারণা: চক্রের মূল পান্ডা গ্রেপ্তার
একাদশ শ্রেণি উত্তীর্ণ রামকিশোর মহাওয়ার নামের এক ব্যক্তি জাল ডিগ্রির জোরে চিকিৎসক সেজে দীর্ঘ দিন ধরে প্রতারণা চালিয়ে আসছিলেন। তদন্তে জানা গিয়েছে, ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন নার্সিংহোমে কাজ করার সময় তিনি চিকিৎসা সংক্রান্ত খুঁটিনাটি শিখে নেন।
এরপর ফেসবুকের বিজ্ঞাপনের মাধ্যমে যোগাযোগ করে সাড়ে ছয় লক্ষ টাকার বিনিময়ে দ্বাদশ শ্রেণি, এমবিবিএস এবং এমডি ডিগ্রির ভুয়ো শংসাপত্র তৈরি করেন। এই জাল নথির ভিত্তিতে তিনি দিল্লি মেডিকেল কাউন্সিলে রেজিস্ট্রেশন করান এবং সফদরজং হাসপাতালে জুনিয়র রেসিডেন্ট হিসেবে কাজও শুরু করেন।
প্রতারণার জাল এখানেই সীমাবদ্ধ ছিল না। রামকিশোর সাড়ে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে মহারাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়ো ডিএমআরডি ডিগ্রি জোগাড় করেন। এই জাল শংসাপত্র ব্যবহার করে তিনি দিল্লির বিভিন্ন হাসপাতালে সোনোগ্রাফি করার কাজ শুরু করেন।
তদন্তে উঠে এসেছে, এই চক্রটি সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সক্রিয় ছিল। চক্রের সদস্যরা দশম শ্রেণি থেকে শুরু করে এমবিবিএস, এমডি, এমএস এবং ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিভিন্ন স্তরের ভুয়ো শংসাপত্র সরবরাহ করত।
রাজস্থানের এসওজি তদন্তে নেমে রামকিশোর মহাওয়ার ছাড়াও সত্যজিৎ পাণিগ্রাহী, মণীশ মাঝি ও খুররম তৌফিককে গ্রেপ্তার করেছে। এই চক্রটি মহীশূর, অন্ধ্র, আন্না ও সৌরাষ্ট্র বিশ্ববিদ্যালয়সহ প্রায় ৩০ থেকে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের নামে ভুয়ো নথি তৈরি করত।
কীভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই জাল তথ্য আপলোড করা হতো এবং তার ভিত্তিতে মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন মিলত, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক রাজ্যে বিস্তৃত এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।