ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা: ই-সই না হলেও আটকে থাকবে না নাম
নির্বাচন কমিশন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি বড়সড় সিদ্ধান্ত ঘোষণা করেছে। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, যদি কোনো বিচার বিভাগীয় আধিকারিক ভোটারের বিষয়ে সিদ্ধান্ত নেন, কিন্তু সেই সিদ্ধান্তে ই-সই বাকি থাকে, তবে শুধুমাত্র এই কারণে নামটি আর ‘বিচারাধীন’ হিসেবে আটকে রাখা যাবে না। বিচারকের লিখিত সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে গণ্য করে ইআরওরা ভোটার তালিকায় প্রয়োজনীয় সংশোধন করতে পারবেন।
এর আগে দেখা যেত যে খসড়া ভোটার তালিকায় অনেকের নামের পাশে ‘বিবেচনাধীন’ লেখা থাকত। এর একটি কারণ ছিল যে বিচারক সিদ্ধান্ত নিলেও ই-সই না হওয়ার কারণে সেই প্রক্রিয়াটি ঝুলে থাকত। কমিশন এবার স্পষ্ট করে দিয়েছে যে শুধুমাত্র ই-সই না হওয়ার অজুহাতে ভোটারদের নাম আটকে রাখা যাবে না। যে সমস্ত ক্ষেত্রে বিচার বিভাগীয় আধিকারিকেরা এখনও কোনো সিদ্ধান্ত নেননি, সেগুলিও ইআরওর কাছে দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আইন মেনে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়।
তবে, যে সমস্ত ভোটারদের নাম বিচারক বাদ দিয়েছেন এবং সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হয়েছে, তাদের ক্ষেত্রে ট্রাইবুনালের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত নতুন করে ফর্ম-৬ গ্রহণ করা যাবে না। যদি ট্রাইবুনাল নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখে, তবে তা কার্যকর করতে হবে।
পাশাপাশি, রাজ্যে বুথ পুনর্বিন্যাসের জন্য সিইও দপ্তরের আবেদন মঞ্জুর করেছে কমিশন। বুথের জায়গা পরিবর্তন হলে সংশ্লিষ্ট এলাকার রাজনৈতিক দলগুলিকে তা জানাতে হবে। এছাড়াও, নতুন বুথের ঠিকানা সম্পর্কে ভোটারদের মধ্যে ব্যাপক প্রচার চালানোর নির্দেশও কমিশনের তরফে দেওয়া হয়েছে।