ইরাকের প্রধানমন্ত্রীর সংস্কার পরিকল্পনাকে সমর্থন জানালেন ডোনাল্ড ট্রাম্প
ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদির গৃহীত বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরাকের রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা, তেল চোরাচালান বন্ধ, দুর্নীতি নির্মূল এবং সমস্ত অস্ত্রশস্ত্র সরকারি নিয়ন্ত্রণে আনার যে পরিকল্পনা প্রধানমন্ত্রী নিয়েছেন, তাতে ওয়াশিংটনের সমর্থন রয়েছে। একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী ইরাক গড়ে তোলার লক্ষ্যে আল-জাইদির এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে মার্কিন প্রশাসন।
বর্তমানে বাগদাদ সরকার কুর্দিস্তান অঞ্চলের নিয়ন্ত্রণাধীন তেলক্ষেত্র এবং সীমান্ত ক্রসিংগুলোর দায়িত্ব নিজেদের হাতে নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে। প্রধানমন্ত্রী আল-জাইদি ঘোষণা করেছেন যে, সিরিয়া ও ইরান সীমান্ত সংলগ্ন কুর্দি-চালিত ক্রসিং এবং বেশ কিছু তেলক্ষেত্র এখন থেকে ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে থাকবে। অবৈধ তেল রপ্তানি বন্ধের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। তবে কুর্দি কর্তৃপক্ষ এই সিদ্ধান্তকে সাংবিধানিক লঙ্ঘন বলে অভিহিত করে এর তীব্র বিরোধিতা করেছে। সরকারি কর্মকর্তাদের দাবি, উত্তর কুর্দিস্তান অঞ্চলের মাধ্যমে চলা তেল চোরাচালানের ফলে ইরাকের প্রায় ১০০ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে।
পাশাপাশি, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে থাকা অস্ত্র সরকারি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রেও আল-জাইদি কঠোর অবস্থান নিয়েছেন। যদিও কাতাইব হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোর কাছ থেকে অস্ত্র উদ্ধার করা বাগদাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকেই আল-জাইদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং আমেরিকান তেল কোম্পানিগুলোকে ইরাকে পুনরায় কাজ শুরু করার সুযোগ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।