দুবাইয়ের রেস্তোরাঁয় সোনার ডাল তড়কা: দাম ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা
সাধারণ ডাল তড়কাকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন বিখ্যাত শেফ রণবীর ব্রার। দুবাইয়ের ‘কাশকান’ নামক রেস্তোরাঁয় এখন পরিবেশন করা হচ্ছে ২৪ ক্যারাট ভোজ্য সোনার পাত মোড়ানো এক বিশেষ ডাল তড়কা। রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছেন, এই সোনা সম্পূর্ণ খাওয়ার উপযোগী এবং মানবদেহের জন্য নিরাপদ।
এই বিলাসবহুল পদের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা, যা দুবাইয়ের মুদ্রায় ১৫০ থেকে ১৮০ দিরহামের সমান। এই পদের স্বাদ ও উপস্থাপনা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। ভোজনরসিকদের মতে, সোনার নিজস্ব কোনো স্বাদ না থাকলেও এটি খাবারের সৌন্দর্য ও আভিজাত্যকে বহুগুণ বাড়িয়ে তোলে। দেশি ঘি, কাসুরি মেথি এবং বিশেষ মশলার মিশ্রণে তৈরি এই ডাল অত্যন্ত সুস্বাদু।
সোনার প্রলেপ থাকার কারণে পদটির পরিবেশনও বেশ আকর্ষণীয়। সাধারণ বাটির পরিবর্তে এই ডাল পরিবেশন করা হয় একটি কাঠের সিন্দুকে। ভারতীয় ঐতিহ্যে মূল্যবান সামগ্রী সিন্দুকে রাখার প্রথা থেকে অনুপ্রাণিত হয়ে এর নামকরণ করা হয়েছে ‘দ্য ট্রেজার বক্স অফ ডাল কাশকান’। সোশ্যাল মিডিয়ায় এই পদের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এটি ফুড ব্লগারদের কাছে বিলাসবহুল ভারতীয় খাবারের এক নতুন সংজ্ঞা হিসেবে পরিচিতি লাভ করেছে।