ফ্রান্সে টিয়ারগ্যাসের প্রভাবে নারী স্বাস্থ্যের গুরুতর ক্ষতি, গর্ভপাত ও রক্তক্ষরণের অভিযোগ

ফ্রান্সে বিক্ষোভ দমনের উদ্দেশ্যে পুলিশের ছোড়া টিয়ারগ্যাসের প্রভাবে বহু নারী ও কিশোরীর প্রজনন স্বাস্থ্যের মারাত্মক ক্ষতির অভিযোগ উঠেছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে মাত্র ১০ ঘণ্টার মধ্যে প্রায় ২২ হাজার টিয়ারগ্যাস শেল ব্যবহার করা হয়েছিল বলে জানা গেছে। এই টিয়ারগ্যাসের সংস্পর্শে আসা নারীদের মধ্যে তীব্র রক্তক্ষরণ, অসহনীয় পেটব্যথা, চুল পড়া এবং ঋতুস্রাবজনিত জটিলতার মতো গুরুতর সমস্যা দেখা দিয়েছে।

ভুক্তভোগীরা দাবি করছেন, এই রাসায়নিক গ্যাসের প্রভাবে তাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ল্যাক্রিমোস দে স্যাং নামক একটি সংগঠনের সংগৃহীত তথ্যে ৯ হাজার ২০০ জনেরও বেশি নারী ও কিশোরীর অভিজ্ঞতা উঠে এসেছে, যার মধ্যে ৯৪ শতাংশই স্ত্রীরোগজনিত সমস্যার কথা জানিয়েছেন। এর মধ্যে গর্ভপাতের ঘটনাও অন্তর্ভুক্ত। টিয়ারগ্যাসের সংস্পর্শে আসা ৪৭ জন অন্তঃসত্ত্বা নারীর মধ্যে ১৫ জন গর্ভপাত ঘটার কথা জানিয়েছেন।

চিকিৎসকদের মতে, টিয়ারগ্যাসের রাসায়নিক উপাদান জরায়ুর সংকোচন ঘটাতে পারে, যা গর্ভাবস্থার শুরুতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর আগেও হংকং ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন আন্দোলনে টিয়ারগ্যাসের ব্যবহারের পর ঋতুস্রাবজনিত জটিলতার অভিযোগ উঠেছিল। তবে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে যে, সরকারি গবেষণায় বিশেষ স্বাস্থ্যঝুঁকির কোনো প্রমাণ মেলেনি এবং তারা এই সমস্যার পেছনে মানসিক চাপকে দায়ী করেছে। যদিও গবেষক ও মানবাধিকারকর্মীরা এই দাবি প্রত্যাখ্যান করে সাধারণ মানুষের ওপর নির্বিচারে টিয়ারগ্যাস ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছেন। নারী স্বাস্থ্যের ওপর এই রাসায়নিকের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *