কেরমানে ১৪ বছরের কিশোরীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, স্বীকারোক্তি পুলিশের কাছে
ইরানের কেরমান প্রদেশে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেখানে ১৪ বছর বয়সী সোগান্দ মোশতারেকি নামের এক কিশোরীকে তার ২০ বছর বয়সী স্বামী খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। ইরানের মানবাধিকার বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, সোগান্দ সম্প্রতি একটি সন্তানের জন্ম দিয়েছিলেন এবং সন্তান জন্মের মাত্র কয়েক দিন পরেই তাকে খুন করা হয়।
প্রাথমিক অভিযোগ অনুযায়ী, পারিবারিক বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। জানা গেছে, সোগান্দের স্বামী তাকে সবসময়ই ঘরবন্দি করে রাখতেন। এমনকি তাকে তার বাবা-মায়ের সঙ্গেও দেখা করতে দেওয়া হতো না। স্বামী যখন বাড়ির বাইরে যেতেন, তখন কিশোরী স্ত্রীকে ঘরে তালাবন্ধ করে রেখে যেতেন। সম্প্রতি সোগান্দ তার বাবা-মায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলে স্বামী তাকে খুন করেন বলে অভিযোগ। অভিযুক্ত স্বামী পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করেছেন।
ইরানে এই ধরনের ঘটনা নতুন নয়। সোগান্দের মৃত্যুর দিনই ফারস প্রদেশে ২১ বছর বয়সী অন্তঃসত্ত্বা সেপিদে রায়েসিকে তার স্বামী খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়াও, চলতি মাসের শুরুর দিকে ১৯ বছর বয়সী হেলিয়া ফাতেহি নামের এক তরুণীকে তার পরিবারের সদস্যরা খুন করেছেন। পরিবারের অমতে প্রেমের সম্পর্কের জেরে তাকে ঘুমের ওষুধ খাইয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় হেলিয়ার বাবা ও মাকে পুলিশ গ্রেফতার করেছে।