শিশুদের অনলাইন সুরক্ষা: ব্ল্যাকমেল রুখতে অভিভাবকদের জন্য কেন্দ্রের জরুরি নির্দেশিকা

বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া শিশুদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে এই সুবিধার আড়ালেই ওত পেতে রয়েছে সাইবার অপরাধীরা, যারা শিশুদের নিশানা করছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (আইফোরসি) শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে।

আইফোরসি জানিয়েছে, অপরাধীরা সাধারণত গেমিং প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মেসেজিং অ্যাপের মাধ্যমে শিশুদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে। এরপর তাদের ব্যক্তিগত ছবি বা ভিডিও সংগ্রহ করে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সেই ছবি বিকৃত করে ব্ল্যাকমেল করে।

সাইবার বিশেষজ্ঞরা এই ধরনের পরিস্থিতিতে অভিভাবকদের আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। শিশুদের শুরু থেকেই শেখানো উচিত যে, অনলাইনে কেউ যদি অস্বস্তিকর প্রস্তাব দেয় বা ব্যক্তিগত ছবি চায়, তবে যেন তারা ভয় না পেয়ে তৎক্ষণাৎ মা-বাবাকে জানায়। সন্তান এমন সমস্যার কথা জানালে তাকে দোষারোপ না করে শান্তভাবে তার পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি।

ব্ল্যাকমেলকারীর পাঠানো মেসেজ, প্রোফাইল লিঙ্ক বা ফোন নম্বরের স্ক্রিনশট সংগ্রহ করে দ্রুত জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর ১৯৩০-এ ফোন করতে হবে অথবা সরকারি পোর্টালে অভিযোগ জানাতে হবে। ব্ল্যাকমেলকারীর দাবি মেনে কখনওই টাকা দেওয়া উচিত নয়, কারণ এতে তাদের চাহিদা আরও বাড়তে থাকে।

এছাড়াও, অনলাইনে পরিচিত অপরিচিত ব্যক্তির ডাকে সাড়া দিয়ে একা দেখা করতে যাওয়া একেবারেই নিরাপদ নয়। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। অপরিচিতদের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করা এবং প্রাইভেসি সেটিংস সুরক্ষিত রাখার মাধ্যমে ডিজিটাল জগতে শিশুদের নিরাপদ রাখা সম্ভব। শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিগত নজরদারির পাশাপাশি পারিবারিক খোলামেলা আলোচনা এবং অভিভাবকদের সচেতনতা ও সাহচর্যই সবচেয়ে বড় ঢাল হিসেবে কাজ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *