অতিথি আসার আগে রান্নাঘর দ্রুত পরিষ্কার রাখার কিছু জরুরি টিপস
অতিথি আসার আগে রান্নাঘর দ্রুত পরিষ্কার ও গোছানো রাখতে কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে। ডিশওয়াশার থাকলে বাসনপত্র তাতে গুছিয়ে রাখলে কাজের জায়গা দ্রুত খালি হয়। বাসনপত্র ধুয়ে শুকিয়ে রাখা ভালো, তবে জরুরি প্রয়োজনে সাময়িকভাবে সেগুলো ওভেনের ভেতরে রাখা যেতে পারে। তবে ওভেন চালু করার আগে অবশ্যই বাসনপত্র বের করে নিতে হবে, অন্যথায় আগুন লাগার ঝুঁকি থাকে। তাই সুযোগ পেলেই বাসনপত্র ও ওভেন পরিষ্কার করে নেওয়া জরুরি।
রান্নাঘরের যেসব জায়গায় বারবার হাত দেওয়া হয়, যেমন সিঙ্ক ও ক্যাবিনেটের হাতল, সেগুলো আগে পরিষ্কার করা প্রয়োজন। অতিথিরা সাধারণত এসব জায়গা লক্ষ করেন, তাই খাবারের টুকরা বা তরল কিছু পড়ে থাকলে তা মুছে ফেলতে হবে। এছাড়া মুঠোফোনের চার্জার, কাগজপত্র বা রান্নার সরঞ্জামের মতো যেসব জিনিসের নির্দিষ্ট জায়গা রয়েছে, সেগুলো সেখানে সরিয়ে রাখলে চারপাশ পরিষ্কার দেখায়। প্রতিদিন সাজিয়ে রাখা অপ্রয়োজনীয় সরঞ্জাম অতিথি আসার আগে সরিয়ে রাখলে জায়গাটি আরও পরিচ্ছন্ন মনে হয়।
রান্নার সময় কাউন্টার, সিঙ্ক ও চুলায় তেলচিটে ময়লা জমতে পারে, যা সহজেই চোখে পড়ে। জীবাণুনাশক ওয়াইপ কিংবা বহুমুখী পরিষ্কারক স্প্রে ও মাইক্রোফাইবার কাপড় দিয়ে দৃশ্যমান ময়লা মুছে ফেললে খুব কম সময়েই রান্নাঘর পরিচ্ছন্ন দেখায়। হাতে সময় থাকলে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে রান্নাঘরের মেঝে পরিষ্কার করে মুছে নেওয়া উচিত। ঘরের বড় একটি অংশজুড়ে মেঝে থাকায় এটি পরিষ্কার করলে পুরো রান্নাঘরের চেহারাই বদলে যায় এবং ঘরটি অতিথি আপ্যায়নের উপযোগী হয়ে ওঠে।