বারাসাত বার্তা: ১ ডিসেম্বর থেকে বিজেপির ‘সেবাদূত’ কর্মসূচি, প্রস্তুতি বৈঠক কলকাতায়
জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে আগামী ১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বিজেপির সর্বভারতীয় ‘সেবাদূত’ কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচিকে বাংলায় কার্যকর করার রূপরেখা তৈরির জন্য শনিবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে রাজ্য বিজেপি নেতৃত্ব একটি প্রস্তুতি বৈঠক করেছে।
উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম ও যাদবপুর সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে আয়োজিত এই বৈঠকে কর্মসূচির প্রাথমিক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো সরকারি প্রকল্পের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখা। সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না, কারা বঞ্চিত হচ্ছেন এবং কোথায় সমস্যা রয়েছে, তা সরাসরি মানুষের কাছ থেকে শুনবেন দায়িত্বপ্রাপ্তরা।
দলের নেতা, বিধায়ক ও সাংসদদের নিজের পরিচিত বিধানসভা বা জেলার বাইরে গিয়ে অন্য এলাকায় জনসংযোগ করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকায় দলীয় কর্মীর বাড়িতে রাত কাটিয়ে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতে হবে তাঁদের। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, প্রতিটি বিধানসভায় একজন করে কার্যকর্তা পাঠানো হবে। তাঁরা ২৫ ডিসেম্বর পর্যন্ত সেই এলাকায় অবস্থান করবেন।
সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিতদের চিহ্নিত করে তাঁদের সমস্যা সমাধানের পথ খোঁজা হবে। বিধায়কের অফিসে ক্যাম্প করে সাধারণ মানুষের কাছ থেকে ফিডব্যাক সংগ্রহ করা হবে। তবে এই কর্মসূচি সরকারের কাজের মনিটরিংয়ের জন্য নয়, বরং সাধারণ মানুষ যাতে সরকারি প্রকল্পের সুবিধা পান, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।