ডুয়ার্সের আকাশে কাঞ্চনজঙ্ঘার ‘স্লিপিং বুদ্ধা’র দর্শন, শীতের আমেজে মুগ্ধ স্থানীয়রা

সাধারণত দার্জিলিংয়ের টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার ‘স্লিপিং বুদ্ধা’র মনোরম দৃশ্য দেখার জন্য পর্যটকদের ভিড় লেগে থাকে। তবে এবার সেই পরিচিত এবং মন মুগ্ধ করা দৃশ্য ধরা পড়েছে ডুয়ার্সের আকাশসীমায়। পাহাড়ের সারি, মেঘের আনাগোনা এবং প্রকৃতির নিজস্ব রঙে তৈরি হওয়া এই অসাধারণ দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দা ও প্রকৃতিপ্রেমীরা আপ্লুত।

ডুয়ার্স তার চা-বাগান, নদী ও জঙ্গলের জন্য পরিচিত। এর মধ্যেই প্রকৃতির এই অনন্য উপহার এক নতুন অভিজ্ঞতার জন্ম দিয়েছে। নভেম্বরের শুরু থেকেই উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে শীতের আমেজ বেশ ভালোভাবেই অনুভূত হচ্ছে। ভোর হতেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে গোটা এলাকা। বিশেষ করে গ্রামীণ জনপদে সকালের দৃশ্য এখন অনেকটাই পরিবর্তিত।

কুয়াশার কারণে দূরের দৃশ্য প্রথমে স্পষ্ট না হলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতেই পাহাড়ের এই মনোমুগ্ধকর রূপ স্পষ্ট হয়ে ওঠে। স্থানীয়দের মতে, নভেম্বরের শুরুতে এমন ঘন কুয়াশা আগে খুব একটা দেখা যায়নি। সকাল ছ’টার পর থেকেই শীতের পোশাক পরে মানুষকে দৈনন্দিন কাজে বের হতে দেখা যাচ্ছে। চায়ের দোকানগুলোতেও শীতের আমেজ নিয়ে চলছে নানা আলোচনা।

সকাল সাড়ে আটটা পর্যন্ত কুয়াশার দাপট থাকলেও, রোদ উঠলে কিছুটা উষ্ণতা অনুভূত হয়। তবে সন্ধ্যা নামার পর থেকেই আবহাওয়া পরিবর্তিত হয় এবং রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার প্রকোপ বাড়তে থাকে। প্রকৃতির এই খেয়ালি রূপ ডুয়ার্সের পর্যটন এবং জনজীবনে এক নতুন মাত্রা যোগ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *