লস অ্যাঞ্জেলেসে তীব্র ভূমিকম্প: ৪০টি আফটারশক, জনজীবনে সাময়িক প্রভাব

রবিবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে একটি তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ ম্যানহাটন বিচ থেকে ৩.৭ মাইল দক্ষিণ-পশ্চিমে এই কম্পন আঘাত হানে। ভূপৃষ্ঠের ৭.৬ মাইল গভীরে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল।

সান্তা মনিকা ও পাসাডেনা সহ লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। মূল কম্পনের পর অন্তত ৪০টি আফটারশক রেকর্ড করা হয়েছে। ইউএসজিএস আরও জানিয়েছে, ভবিষ্যতে রিখটার স্কেলে ৪.০ বা তার বেশি মাত্রার আরও একটি আফটারশক হওয়ার ৩০ শতাংশ সম্ভাবনা রয়েছে।

ভূমিকম্পের তীব্রতায় লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালের ছাদের টাইলস খসে পড়েছে। এছাড়া সান্তা মনিকায় বাড়িঘর ও গাছপালা কেঁপে ওঠায় আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসেন। উৎসবের মরসুমে পর্যটকদের ভিড় থাকায় জনজীবন সাময়িকভাবে ব্যাহত হয়েছে।

ঘটনার পর লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট দ্রুত তৎপর হয়েছে। শহরের পরিকাঠামো খতিয়ে দেখতে ১০৬টি ফায়ার স্টেশনের কর্মীদের মোতায়েন করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস জানিয়েছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ম্যানহাটন বিচ প্রশাসন বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং সাময়িকভাবে ম্যানহাটন বিচ পায়ার বন্ধ রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামির কোনো আশঙ্কা নেই বলে প্রশাসন নিশ্চিত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *