কাজের মান নিয়ে আপস নয়, সাফ কথা নতুন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর
ক্ষমতায় এসেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের নতুন মন্ত্রী নিশীথ প্রামাণিক। শনিবার শিলিগুড়ির ফুলবাড়িতে উত্তরকন্যায় দপ্তরের আধিকারিকদের সঙ্গে দীর্ঘ দেড় ঘণ্টার ম্যারাথন বৈঠক করেন তিনি। সেখানে পূর্বতন তৃণমূল সরকারের আমলে হওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। সাফ জানিয়ে দেন, বিগত দিনে যে সমস্ত ঠিকাদার সংস্থা নিম্নমানের কাজ করেছে, তদন্তের পর তাদের দ্রুত কালো তালিকাভুক্ত বা ‘ব্ল্যাকলিস্টেড’ করা হবে। একই সঙ্গে যে প্রকল্পগুলির কাজ এখনো অর্ধেকও শেষ হয়নি, সেগুলির চুক্তি বাতিল করে নতুন করে টেন্ডার ডাকার নির্দেশ দিয়েছেন তিনি।
কাজের গাফিলতির দৃষ্টান্ত টানতে গিয়ে কোচবিহার রবীন্দ্র ভবনের প্রসঙ্গ উল্লেখ করেন নিশীথ প্রামাণিক। তিনি জানান, বাম আমলে যে ভবনটি মাত্র দেড় কোটি টাকায় তৈরি হয়েছিল, তৃণমূল জমানায় তা সংস্কার করতেই আট কোটি টাকা খরচ দেখানো হয়েছে। এই ধরনের আর্থিক অনিয়ম ও কাগজে-কলমে কাজ করার প্রবণতা রুখতে এবার থেকে দপ্তরে ঠিকাদার ও দালাল রাজ পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুধু তাই নয়, দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন থেকে বেআইনিভাবে জিএসটি কেটে নেওয়ার যে অভিযোগ উঠেছে, তাও খতিয়ে দেখে দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
বঞ্চনার অবসান ও পরিকাঠামো উন্নয়ন
নতুন মন্ত্রীর দাবি, উত্তরবঙ্গের মানুষের মনে দীর্ঘদিন ধরে জমে থাকা বঞ্চনাবোধ দূর করাই তাঁর প্রধান লক্ষ্য। এই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী তাঁকে পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। দলমত নির্বিশেষে উত্তরবঙ্গের সমস্ত বিধায়কদের মতামত ও পরামর্শ নিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে নতুন প্রকল্প হাতে নেওয়া হবে বলে তিনি জানান। পাশাপাশি, আগামী দিনে উত্তরকন্যায় রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠক হওয়ার সম্ভাবনাও প্রকাশ করেন তিনি।
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পাশাপাশি ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্বেও রয়েছেন নিশীথ প্রামাণিক। সেই সূত্রে তিনি জানান, পরিকাঠামোর অভাবে রাজ্যের কোনো প্রান্তের খেলোয়াড়রাই যাতে পিছিয়ে না পড়েন, তা নিশ্চিত করা হবে। প্রতিটি জেলায় খেলাধুলার ন্যূনতম আধুনিক পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি রাজ্য জুড়ে থাকা স্টেডিয়ামগুলির দ্রুত সংস্কারের রূপরেখা তৈরি করছে নতুন সরকার।