আর জি কর বিতর্ক ও স্বাস্থ্যসচিবকে মুখ্যমন্ত্রীর জরুরি তলব, নবান্নে বড়সড় রদবদলের জল্পনা তীব্র
রাজ্যের স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে এবার চরম তৎপরতা নবান্নে। সোমবার স্বাস্থ্যভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলাকালীনই হঠাৎ মাঝপথে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে জরুরি তলব করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই আকস্মিক ডাকের পর বৈঠক ছেড়ে তড়িঘড়ি নবান্নে ছুটে যান স্বাস্থ্যসচিব। আর জি কর মেডিকেল কলেজ সংক্রান্ত একগুচ্ছ অভিযোগ এবং রাজ্যে সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তনের আবহে এই তলব ঘিরে রাজ্য রাজনীতি ও স্বাস্থ্য মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে।
তৎপরতার নেপথ্যে আর জি কর বিতর্ক
রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন করে ফাইল খুলেছে আর জি কর মামলার। ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার, পাশাপাশি শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। আর জি কর কাণ্ডের সময় থেকেই জুনিয়র চিকিৎসকদের নিশানা ও আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দুতে ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ এই স্বাস্থ্যসচিব। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি ছিল তাঁর অপসারণ। ফলে, তিন পুলিশকর্তা শাস্তির মুখে পড়ার পরপরই স্বাস্থ্যসচিবকে মুখ্যমন্ত্রীর এই জরুরি তলব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
ড্যামেজ কন্ট্রোল বনাম কড়া পদক্ষেপের সম্ভাবনা
স্বাস্থ্যের পরিকাঠামো উন্নয়নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পর গত শনিবার মাঝরাতে শহরের পাঁচটি বড় সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়েছিলেন স্বাস্থ্যসচিব। প্রশাসনের একাংশের মতে, সরকার বদলের পর নিজের অবস্থান মজবুত করতেই এই অতি-সক্রিয়তা বা ‘ড্যামেজ কন্ট্রোল’-এর চেষ্টা করছিলেন তিনি। তবে শেষ রক্ষা হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, স্বাস্থ্য পরিষেবাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও গতিশীল করতে এবার হয়তো স্বাস্থ্যসচিবের বিরুদ্ধেও কোনো বড়সড় ও কড়া সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী, যারই ইঙ্গিত মিলল এই আকস্মিক তলবে।