পার্ক সার্কাসে পুলিশ আক্রান্ত, বাংলায় পাথরবাজি রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
কলকাতার পার্ক সার্কাসে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির ঘটনার পর সমাজবিরোধীদের বিরুদ্ধে কড়া অবস্থানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার আক্রান্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করার পর তিনি সাফ জানান, বাংলায় এই ধরনের গুণ্ডামি এবং সমাজবিরোধী কার্যকলাপ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। কাশ্মীরের উদাহরণ টেনে তিনি স্পষ্ট করে দেন যে, উপত্যকার মতো বাংলাতেও পাথরবাজি পুরোপুরি বন্ধ করা হবে।
হামলার নেপথ্যে পূর্ব পরিকল্পিত ছক
রবিবার দুপুরে বুলডোজার অ্যাকশন-সহ একাধিক ইস্যুর বিরোধিতায় পার্ক সার্কাস চত্বরে একদল বিক্ষোভকারী জড়ো হয়ে আচমকাই পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে। এই হামলায় কমপক্ষে ৩ জন পুলিশকর্মী জখম হন। ঘটনার তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী সোমবার জানান, এই হামলা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ছিল। কারণ ঘটনার ঠিক আগেই বেশ কিছু মানুষকে ওই এলাকায় দাঁড়িয়ে সমাজমাধ্যমে ভিডিও শেয়ার করতে দেখা গেছে। ইতিমধ্যেই এই ঘটনার পরিপ্রক্ষিতে পুলিশ ৪০ জনকে গ্রেপ্তার করেছে এবং বাকি দোষীদেরও কোনওভাবে ছাড় দেওয়া হবে না বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
পুলিশকে ‘ফ্রি-হ্যান্ড’ ও জিরো টলারেন্স নীতি
নতুন সরকারের শাসনকালে আইনশৃঙ্খলা রক্ষায় যে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হবে, তা এদিন আরও একবার স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার ‘ফ্রি-হ্যান্ড’ দিয়ে তিনি নির্দেশ দিয়েছেন, অপরাধীর রাজনৈতিক দল, সম্প্রদায় বা প্রভাবশালী যোগসূত্র না দেখে যেন কঠোর আইনি পদক্ষেপ করা হয়। প্রশাসনের এই কড়া অবস্থান এবং আইন প্রয়োগের কড়াকড়ি রাজ্যে ভবিষ্যতে এই ধরনের হিংসাত্মক বিক্ষোভের প্রবণতা অনেকটাই কমিয়ে আনবে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।