নাগরিকত্ব বিতর্কে চরম বিপাকে রাহুল গান্ধী, দায়ের হলো এফআইআর!
নির্বাচনী উত্তাপের মাঝেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্রিটিশ নাগরিকত্ব রাখার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি সুভাষ বিদ্যার্থীর একক বেঞ্চ রায়বরেলির কোতোয়ালি থানায় রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের ও বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশ দিয়েছে। ২০০৩ থেকে ২০০৯ সালের মধ্যে যুক্তরাজ্যের একটি সংস্থায় রাহুল গান্ধীর নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে ঘোষণা করার অভিযোগটিই এখন তদন্তের মূল বিষয়।
আদালত জানিয়েছে, এই অভিযোগের সপক্ষে প্রাথমিকভাবে তথ্য ও প্রমাণ বর্তমান থাকায় ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট’, ‘পাসপোর্ট অ্যাক্ট’ এবং ‘ফরেনার্স অ্যাক্ট’-এর অধীনে বিস্তারিত তদন্ত প্রয়োজন। উত্তরপ্রদেশ সরকার চাইলে এই তদন্তের দায়িত্ব সিবিআই-এর হাতেও দিতে পারে। ভারতীয় সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকত্বের সুযোগ না থাকায়, এস. ভিগনেশ শিশিরের দায়ের করা এই অভিযোগ প্রমাণিত হলে রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিলসহ ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণের অধিকারও প্রশ্নের মুখে পড়তে পারে।