ষড়যন্ত্রের শিকার হুমায়ুন কবীর! ভাইরাল ভিডিওর সত্যতা নিয়ে হাইকোর্টে সরব নেতা
ভোটের মুখে নিজের ভাবমূর্তি নষ্ট করার গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অল ইন্ডিয়া জনসেবা পার্টি (AJUP)-র প্রতিষ্ঠাতা সদস্য হুমায়ুন কবীর। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মর্মে একটি মামলা দায়ের করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্টিং ভিডিওর সত্যতা এবং এর নেপথ্যের কারণ খতিয়ে দেখতে অবিলম্বে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
আদালতে দাখিল করা আবেদনে হুমায়ুন কবীর দাবি করেছেন, রাজনৈতিকভাবে তাঁকে পর্যুদস্ত করতেই ভিডিওটি তৈরি ও ভাইরাল করা হয়েছে। ভিডিওর বিষয়বস্তু সম্পূর্ণ সাজানো বলে অভিযোগ তুলে এর পেছনে থাকা চক্রীদের চিহ্নিত করার আবেদন জানিয়েছেন তিনি। নির্বাচনের ঠিক আগে একজন প্রভাবশালী নেতার এই আইনি পদক্ষেপ রাজ্য রাজনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছে। আগামী ২২ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।