সেনার জমিতে অবৈধ তৃণমূল অফিস, বুলডোজার চলল ব্যারাকপুরে!
ব্যারাকপুর সেনানিবাস এলাকায় সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন জমিতে গড়ে ওঠা তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি (INTTUC)-এর একটি অবৈধ কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। সেনানিবাসের নিজস্ব জমিতে দীর্ঘ সময় ধরে গড়ে ওঠা এই বেআইনি নির্মাণটি উচ্ছেদের সময় ব্যারাকপুর ক্যান্টনমেন্টের আধিকারিক, স্থানীয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী উপস্থিত ছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উচ্ছেদ অভিযানের আগেই কার্যালয়টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভেতরের আসবাবপত্র সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় সূত্রের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে ওই স্থানে দলীয় কার্যালয় পরিচালনা করা হচ্ছিল। তবে সরকারি ও সামরিক সম্পত্তি দখলমুক্ত করার নির্দেশের পর এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। এদিকে, এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে বিজেপি-৩ মণ্ডলের সভাপতি বিজয় রাজাকের দাবি, ওই কার্যালয়ের আড়ালে নানা ধরনের বেআইনি কার্যকলাপ চলত। এই ঘটনার পর ব্যারাকপুর শিল্পাঞ্চলে রাজনৈতিক উত্তাপ ছড়ানোর পাশাপাশি অন্যান্য সরকারি ও সামরিক জমিতে থাকা অবৈধ দখলদারদের মধ্যে উচ্ছেদের আশঙ্কা তৈরি হয়েছে।