আইপিএল জয়ের আনন্দ ফিকে! সমর্থকদের মৃত্যুতে ট্রফি উৎসর্গ করে বাতিল বিজয় মিছিল
টানা দ্বিতীয়বারের মতো আইপিএল ট্রফি জয়ের গৌরব অর্জন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। তবে এই সাফল্যের পর কোনো ধরনের জমকালো উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। রবিবার গভীর রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক রজত পাতিদার এই জয় গত বছর শিরোপা জয়ের সময় পদপিষ্ট হয়ে নিহত ১১ জন সমর্থকের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তিনি জানান, আরসিবির কাছে সমর্থকরা পরিবারের মতো এবং সেই মর্মান্তিক স্মৃতিকে সম্মান জানিয়েই এবার সংযত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অতীতের সেই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার সব ধরনের বিজয় মিছিল ও বড় ধরনের জনসমাবেশ বাতিল করেছে আরসিবি কর্তৃপক্ষ। কর্নাটক পুলিশের বিশেষ নির্দেশিকা মেনে জননিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি, ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে সমর্থকদের রাস্তাঘাটে বাজি পোড়ানো বা দলবদ্ধ হয়ে বড় ধরনের উৎসব পালন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।