বাদশার পানশালায় পুলিশের তালা, আইনি জাঁতাকলে জনপ্রিয় র্যাপার!
চণ্ডীগড়ের সেক্টর ২৬-এ অবস্থিত জনপ্রিয় র্যাপার বাদশার নাইটক্লাব ও পাব ‘সাগো’ সিল করে দিয়েছে স্থানীয় পুলিশ। ২০২৩ সালে যাত্রা শুরু করা এই ক্লাবটি অল্প সময়ের মধ্যেই তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠলেও, প্রশাসনের এই আকস্মিক পদক্ষেপে বর্তমানে এর সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
নির্মাণ সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে ক্লাবটি সিল করা হয়েছে। প্রশাসনের তদন্তে উঠে এসেছে যে, ক্লাবটির বাস্তব কাঠামো অনুমোদিত মানচিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। এই অভিযানের অংশ হিসেবে চণ্ডীগড়ের সেক্টর ৭ এবং ২৬ এলাকার আরও বেশ কয়েকটি পাব ও রেস্তোরাঁকে একই অভিযোগে নোটিস প্রদান করেছে পুলিশ। উল্লেখ্য, ২০২৪ সালে এই ক্লাবের বাইরে ঘটা এক বিস্ফোরণের ঘটনার পর এবার কাঠামোগত জালিয়াতির অভিযোগে ব্যবাসায়িক ক্ষেত্রে বড় আইনি জটিলতার মুখে পড়লেন বাদশা।