কলকাতা মেট্রোয় দারুণ খবর, ২৭ জুলাই থেকে বাড়ছে ট্রেন ও বদলাচ্ছে সময়সূচী!
কলকাতা মেট্রো যাত্রীদের জন্য সুখবর। আগামী ২৭ জুলাই, ২০২৬ থেকে ব্লু লাইন (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) এবং গ্রীন লাইন—উভয় রুটেই পরীক্ষামূলকভাবে মেট্রো পরিষেবার সময়সূচী ও ট্রেনের সংখ্যায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। নতুন এই সময়সূচী অনুযায়ী, এখন থেকে যাত্রীরা খুব ভোরে এবং রাতেও মেট্রো পরিষেবা পাবেন, যা যাতায়াত ব্যবস্থাকে আরও সহজতর করবে।
নতুন নিয়ম অনুযায়ী, ব্লু লাইনে সোমবার থেকে শনিবার সকাল ৬:০০টায় প্রথম মেট্রো পাওয়া যাবে এবং শেষ মেট্রো ছাড়বে রাত ১০:৩০টায়। একইভাবে গ্রীন লাইনেও সোম থেকে শনিবার সকাল ৬:০০টা থেকে পরিষেবা শুরু হয়ে চলবে রাত ১০:৩০ পর্যন্ত। এছাড়া রবিবারে উভয় লাইনেই সকাল ৯:০০টা থেকে রাত ১০:৩০টা পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে। পরিষেবা বৃদ্ধির পাশাপাশি ট্রেনের সংখ্যাও বাড়ানো হয়েছে। ব্লু লাইনে সোম থেকে শুক্র ২৭২টি, শনিবারে ২৫৮টি এবং রবিবারে ১৫৮টি ট্রেন চলবে। অন্যদিকে, গ্রীন লাইনে সোম থেকে শুক্র ২৩৬টি, শনিবারে ২১২টি এবং রবিবারে ১১১টি মেট্রো চলাচল করবে।