ভিআইপি রোডের অবৈধ নির্মাণে তোলপাড়, জেলাশাসককে তলব হাইকোর্টের!
কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে ভিআইপি রোডের দু’ধারে বেআইনি নির্মাণ ও উচ্ছেদ সংক্রান্ত রিপোর্ট দিতে আদালতে সশরীরে হাজির হলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, অবিলম্বে অবৈধ নির্মাণ বন্ধ করতে হবে এবং উচ্ছেদের পর সংশ্লিষ্ট জায়গায় যাতে পুনরায় জবরদখল না হয়, তা নিশ্চিত করতে হবে জেলাশাসককে। আদালত জানিয়েছে, ভবিষ্যতে ফের বেআইনি নির্মাণ গড়ে উঠলে তা বরদাস্ত করা হবে না।
উল্টোডাঙা পর্যন্ত ভিআইপি রোডের দু’ধারে জবরদখলের বিরুদ্ধে দায়ের করা এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে গত ১০ জুলাই জেলাশাসক নিজে উপস্থিত না হওয়ায় আদালত অসন্তোষ প্রকাশ করেছিল। এরপর ২৩ জুলাইয়ের নির্দেশে আজ তিনি আদালতে রিপোর্ট পেশ করেন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, ২৪টি অবৈধ নির্মাণের মধ্যে ১০টি সরিয়ে দেওয়া হয়েছে এবং বাকিগুলি সরানোর কাজ চলছে। অন্যদিকে, মামলাকারীর আইনজীবীর দাবি, বাস্তবে অনেক দখলদারকে এখনও সরানো হয়নি। আগামী ১৮ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এবং সেদিনও জেলাশাসককে সশরীরে উপস্থিত থেকে রিপোর্ট জমা দিতে হবে।