ধর্মীয় মুখোশের আড়ালে ব্ল্যাকমেলের জাল, মথুরায় গ্রেফতার আইআইটি স্নাতক ভণ্ড বাবা!
ইউটিউবে আধ্যাত্মিক বাণী প্রচারের আড়ালে তরুণীদের যৌন নির্যাতন ও ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপ্রদেশ পুলিশ অভিষেক মিশ্র (২৯) নামে এক ভুয়ো ধর্মগুরুকে গ্রেফতার করেছে। ওড়িশার বাসিন্দা এবং আইআইটি রুরকির প্রাক্তন ছাত্র অভিষেক মথুরার রাধাকুঞ্জ এলাকায় ‘আদিকর্তা নারায়ণ দাস’ পরিচয় নিয়ে চার বছর ধরে অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন। ছত্তিশগড়ের এক তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতারের পর পুলিশ তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছে।
অভিষেক ‘রাধা কৃপা অমৃত’ নামে একটি ইউটিউব চ্যানেল এবং লিঙ্কডইনের মাধ্যমে শিক্ষিত তরুণ-তরুণীদের আকর্ষণ করতেন এবং মগজধোলাই করে তাঁদের মথুরার আশ্রমে নিয়ে আসতেন। তদন্তে জানা গেছে, তিনি তরুণীদের ‘গান্ধর্ব বিবাহ’-এর প্রলোভন দেখিয়ে মাদক মেশানো দুধ খাইয়ে অচেতন করতেন এবং পরবর্তীতে যৌন নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করতেন। পাশাপাশি আশ্রমের বাসিন্দাদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের অর্থও আত্মসাৎ করতেন তিনি। ধৃতের মোবাইল থেকে উদ্ধার হওয়া আপত্তিকর ছবি ও ভিডিও তদন্তের স্বার্থে খতিয়ে দেখছে পুলিশ।